‘মাইয়া অপহরণ কইরা নিয়া গেল, বিচার দিলে থানাও ভাগায় দেয়’

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হরিজন সম্প্রদায়ের এক নারী তাঁর মেয়েকে ফিরে পেতে সাংবাদিকদের কাছে আকুতি জানিয়েছেন। ওই নারী বলেন, ‘এই পুলার (রানা হরিজন) ভয়ে আমি কম বয়সে মাইয়ারে বিয়া দিছি। বিয়ার পরে এই পুলা আমার মাইয়ারে অপহরণ কইরা নিয়া গেছে। অহন থানাত গিয়া বিচার দিলে থানাও ভাগায় দেয়। অহন আমি আফনেরার কাছে বিচার চাই। আমার মায়ারে জামাইয়ের কাছে ফিরাই দেন।’ আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন ওই নারী।

সংবাদ সম্মেলনে এক স্বজন লিখিত বক্তব্য পাঠ করার সময় ওই নারীর কান্নায় ভেঙে পড়েন এবং অপহৃত মেয়েকে ফেরত পেতে সবার সহযোগিতা চান।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মেয়েটিকে হরিজন কলোনির রানা হরিজন উত্ত্যক্ত করতেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিসও হয়েছে। এতে রানা দমে না যাওয়ায় মেয়েটিকে ৩ মে বিয়ে দেওয়া হয়। বিয়ে–পরবর্তী আনুষ্ঠানিকতা সারতে মেয়েটি বাবার বাড়িতে এলে তাঁকে অপহরণ করে নিয়ে যান রানা। এ বিষয়ে থানায় মামলা দিতে গেলে সেটা নেওয়া হয়নি।

থানায় মামলা না নেওয়ার বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, গত শনিবার রাতে মেয়েটির মা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৩ মে মেয়েটির বিয়ে হয়েছে। ওই ছেলেকে (স্বামীকে) তাঁর পছন্দ হয়নি। যে ছেলেটির সঙ্গে স্বেচ্ছায় গিয়েছে, তাকে সে পছন্দ করে। এ বিষয়ে উভয় পক্ষকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। আরও তদন্ত করে মামলা নেওয়া হবে।

রানা হরিজনের ভাই নয়ন হরিজন বলেন, ‘নানা কারণে আমার ভাই রানাকে ত্যাজ্যপুত্র করেছেন বাবা। তবে এটা ঠিক যে আমার ভাই ওই মেয়েকে অপহরণ করেনি। বরং ওই মেয়ে আমার ভাইকে নানাভাবে বেকায়দায় ফেলে তাকে নিয়ে পালিয়ে গেছে। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। তবে মেয়েটির এক কাকাতো ভাই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে।’