গত বছরের জুন থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত মহাসড়কে ভুয়া ডিবি পুলিশ, র্যাব পরিচয়ে ১০টি ডাকাতির ঘটনায় মামলা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় গত শনিবার ভোরে হজফেরত যাত্রীর গাড়ি ডাকাতের কবলে পড়ে। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাত দল গাড়ি থামিয়ে তাঁদের সঙ্গে থাকা ৯৬ হাজার টাকা, দুটি চেক বই, দুটি ক্রেডিট কার্ড, তিনটি ডেবিট কার্ড, দুটি পাসপোর্ট এবং এক ভরি ওজনের সোনার কানের দুল ছিনিয়ে নেয়।
হজফেরত যাত্রীর ছোট ভাই মো. নাসিম প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশ লেখা স্টিকার লাগানো হাইয়েস গাড়িতে সাত থেকে আটজন ছিলেন। তাঁদের দুজনের পরনে ডিবির পুলিশের জ্যাকেট ছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও ঝামেলা এড়াতে মামলা করেননি তাঁরা। নাসিম বলেন, ডাকাতেরা সাদ্দাম মার্কেটের সামনে তাঁর মায়ের ফেলে যাওয়া পাসপোর্ট পেলেও তাঁর ভাইয়ের পাসপোর্টটি পাওয়া যায়নি। গত দুই দিনেও মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।
ভুয়া র্যাব ও পুলিশ পরিচয়ে ডাকাত দলের কবল থেকে বাদ পড়েনি পুলিশ নিজেও। গত বছরের ৩০ সেপ্টেম্বর সোনারগাঁয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতের কবলে পড়েন চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। ডাকাতেরা মেঘনা টোল প্লাজা এলাকায় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ১৯ হাজার টাকা, ৪টি মুঠোফোন ও এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন।
মহাসড়কে ভুয়া ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে অনেক চক্র জড়িত। এদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে।তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), নারায়ণগঞ্জ
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ২১টি জেলার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ দুটি মহাসড়কে সংঘবদ্ধ বেশ কয়েকটি অপরাধী চক্র সক্রিয়। তারা র্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীদের ভয় দেখিয়ে প্রবাসফেরত যাত্রী, গরুবাহী যানবাহন, রপ্তানির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে পাঠানো তৈরি পোশাকভর্তি কাভার্ড ভ্যানে টার্গেট করে ডাকাতি ও ছিনতাই করে আসছে। চক্রটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, সানারপাড়, মেঘনা টোল প্লাজা, রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফুট, ঢাকা-বাইপাস সড়কের মদনপুরে ও ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, আড়াইহাজার পুরিন্দাসহ কয়েকটি স্থানে ডাকাতি ও ছিনতাই ঘটনা ঘটাচ্ছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মহাসড়কে ভুয়া ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে অনেক চক্র জড়িত। এদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ সংঘটনের পর সহজে পালিয়ে যেতে পারে বলে তারা মহাসড়ক বেছে নেয়। অধিকাংশ ঘটনা সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জ অংশে বেশি ঘটছে। এ কারণে তাঁরা টহল বৃদ্ধি করেছেন।
ডিবি পুলিশ পরিচয়ে চলতি বছরের ৪ এপ্রিল বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের হাজী সাহেবের মোড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন সৌদিপ্রবাসী উজ্জ্বল হোসেন। অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে ১৭ লাখ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। গত ১৫ মে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পুলিশ ছাত্রলীগ নেতা তপু চন্দ্র ঘোষ ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নারায়ণগঞ্জ আদালত সূত্রে জানা গেছে, গত বছরের জুন থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত মহাসড়কে ভুয়া ডিবি পুলিশ, র্যাব পরিচয়ে ১০টি ডাকাতির মামলা হয়েছে। এর মধ্যে তদন্ত শেষে পাঁচটি মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। একটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। চারটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে মামলার পরিসংখ্যানের চেয়ে ঘটনা আরও অনেক বেশি। দূরদূরান্তের যাত্রীরা ঝামেলা ও হয়রানি এড়াতে অনেক সময় মামলা করতে আগ্রহী হন না।
মহাসড়কে ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ে অনেক চক্র জড়িত বলে স্বীকার করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। প্রথম আলোকে তিনি বলেন, চক্রটি প্রবাসফেরত যাত্রীদের বিমানবন্দর থেকে টার্গেট করে তাঁদের পিছু নিয়ে এসে মহাসড়কের নির্জন জায়গায় ভুয়া ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে। ইতিমধ্যে ১০-১২টি চক্রকে গ্রেপ্তার করা হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা জানান, কয়েকটি ঘটনায় দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নৈতিক স্খলনের কারণে চাকরিচ্যুতরা অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে অপরাধে জড়িয়ে পড়ছেন। তাঁরা ভুয়া র্যাব ও পুলিশ পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িয় পড়ছেন। এসব অপরাধ দমনে মহাসড়কে ২৪টি টহল টিম ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। মহাসড়কে ভুয়া ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে অপরাধ আগের তুলনায় কমে গেছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, এসব ঘটনার দায় পুলিশ প্রশাসন এড়াতে পারে না। এসব তাদের ব্যর্থতার কারণেই হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার করে যথাযথ ধারায় মামলা দিতে তাদের শৈথিল্য রয়েছে।