
রাজশাহীতে এক গৃহবধূ স্বামী ও তাঁর চার বন্ধুর নামে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের চন্দ্রিমা থানায় তিনি বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ গৃহবধূর স্বামীর চার বন্ধুর মধ্যে একজনকে আটক করেছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এজাহারের বরাত দিয়ে বলেন, এই দম্পতি ঢাকায় থাকতেন। ঢাকাতেই তাঁদের পরিচয় ও বিয়ে। স্বামীর বয়স ৩৭ আর গৃহবধূর বয়স ৩১ বছর। ঢাকায় ওই ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। দেড় মাস আগে তিনি তাঁর স্ত্রীকে প্রস্তাব দেন যে তাঁর বাড়ি রাজশাহীতে গিয়ে অটোরিকশা চালাবেন। এরপর ওই দম্পতি রাজশাহীতে এসে নগরের একটি এলাকায় বাসা ভাড়া নেন। দেড় মাস পার হয়ে গেলেও ওই ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশার জোগাড় করতে পারেননি।
৭ জুলাই ওই ব্যক্তি তাঁর চার বন্ধুকে বাসায় ডেকে নিয়ে আসেন। স্ত্রীর সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন। একপর্যায়ে তিনি তাঁর স্ত্রীকে বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার প্রস্তাব দেন। তিনি রাজি না হওয়ায় তাঁকে ধর্ষণ করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে তিনি রাজশাহী নগরের চন্দ্রিমা থানায় এসে পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০) মামলা করেন।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এজাহারে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। আর একজনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখানো হয়েছে।