বাবার চার ঘণ্টা পর ছেলের মৃত্যু, পাশাপাশি কবর

কিশোরগঞ্জ জেলার মানচিত্র
কিশোরগঞ্জ জেলার মানচিত্র

কিশোরগঞ্জ সদর উপজেলায় বাবার মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেছেন তাঁর ছেলে। বাবা ও ছেলের একসঙ্গে জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

সোমবার কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের চাঁদের হাসি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন চাঁদের হাসি এলাকার ওমর ছিদ্দিক (৮৫) ও তাঁর ছেলে হারুন অর রশিদ (৪৫)।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সোমবার ভোররাত চারটার দিকে নিজ বাড়িতে মারা যান ওমর ছিদ্দিক। এর চার ঘণ্টা পর সকাল আটটার দিকে মারা যান তাঁর ছেলে হারুন অর রশিদ (৪৫)।

ছিদ্দিক দীর্ঘদিন ধরে বার্ধক্যের কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। হারুন পেশায় একজন মুদিদোকানি ছিলেন। তিনিও দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাবা ওমর ছিদ্দিকের মৃত্যুর আধা ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়েন হারুন অর রশিদ। স্বজনেরা তাঁকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে মারা যান তিনি।

স্থানীয় দানাপাটুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ মিয়া প্রথম আলোকে বলেন, জোহরের নামাজের পর চাঁদের হাসি গ্রামের ঈদগাহ মাঠে একসঙ্গে বাবা-ছেলের জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁদের পাশাপাশি দাফন করা হয়েছে।