
বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকচাপায় মো. সাইফুল ইসলাম ব্যাপারী (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ও তাঁর বন্ধু গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা মুন্সীবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত মো. রাসেল হাওলাদারকে (১৯) প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে উপজেলার ভূরঘাটা গ্রামের মো. দুলাল ব্যাপারীর ছেলে সাইফুল ইসলাম ব্যাপারী ও তাঁর বন্ধু একই ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের জলিল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার মোটরসাইকেলে করে ভূরঘাটা থেকে খাঞ্জাপুর যাচ্ছিলেন। পথে রাত সাড়ে ১০টার দিকে ভূরঘাটা মুন্সীরবাড়ি পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ট্রাকচাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান। রাসেল গুরুতর আহত হন। রাসেলকে গৌরনদী ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতে সাড়ে ১১টার দিকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, সাইফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।