
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম অঞ্চলের আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে অনেক পরীক্ষার্থীর কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হচ্ছে। তাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা (মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ) ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল।