
ভোলায় জেলেদের জন্য বরাদ্দ করা মৎস্য ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ ও বিএনপি নেতাদের মধ্যে তালিকা প্রণয়ন নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় অবরোধের ৪০ দিন পার হলেও জেলার ৭২টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার অনেক এলাকায় এখনো জেলেরা চাল পাননি। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল শুক্রবার বিকেলে লালমোহন উপজেলায় শতাধিক জেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। অন্যদিকে চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নে জেলে কার্ডের তালিকা প্রণয়নকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম ও তাঁর স্বামী আবুল কালাম ফরাজী আহত হয়েছেন।
ইউনিয়ন পরিষদের সূত্রে জানা যায়, চর মানিকা ইউনিয়নে ১ হাজার ২০০ জেলের জন্য চার মাসে (মার্চ-জুন) ৪০ কেজি করে মোট ১৯২ টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রথম দফায় দুই মাসের জন্য ৯৬ টন চাল উত্তোলন করা হয় এবং তালিকা প্রণয়নের কাজ শুরু হয়। কার্ডধারী জেলে ১ হাজার ২০০ জন হলেও প্রকৃত জেলের সংখ্যা প্রায় ৪ হাজার ২০০। এর মধ্যে প্রায় ২ হাজার ৪০০ জেলেকে প্রথম দুই মাসে এবং বাকি জেলেদের পরবর্তী দুই মাসে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যা সম্পূর্ণ বেআইনি। নিয়ম অনুযায়ী, ১ হাজার ২০০ জেলে ৪ মাসে মোট ১৬০ কেজি করে চাল পাওয়ার কথা।
জানা যায়, ইউনিয়ন বিএনপির নেতারা তাঁদের করা তালিকা অনুযায়ী প্রথম দুই মাসের জন্য উত্তোলিত ৯৬ টন চাল বিতরণের দাবি জানান। অভিযোগ রয়েছে, প্রকৃত জেলেদের নাম বাদ দিয়ে বিএনপির কর্মীদের (যাঁরা অন্য পেশার) নাম তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়।
গতকাল শুক্রবার রাত আটটার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কক্ষে তালিকা নিয়ে বৈঠক বসে। বৈঠকে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ মেম্বার), দক্ষিণ আইচা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের (তাহের মাস্টার), বিএনপি নেতা আবদুল মান্নান হাওলাদার, ইউনিয়নের সচিব মো. ইয়ামিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম ও তাঁর স্বামী আবুল কালাম ফরাজী উপস্থিত ছিলেন। বিএনপির নেতারা তাঁদের তালিকা অনুযায়ী চাল বিতরণের জন্য চাপ দিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা বৈঠক থেকে বেরিয়ে যান। চেয়ারম্যান ও তাঁর স্বামী পরিষদ থেকে বের হলে তাঁদের ওপর হামলা চালানো হয়। তাঁদের পিটিয়ে আহত করা হয় এবং মুঠোফোন নষ্ট ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
ইউনিয়নের সচিব মো. ইয়ামিন বলেন, ‘দলীয় নেতারা তালিকা প্রণয়ন করার কারণে চাল বিতরণে বিলম্ব হচ্ছে। এ দলীয় নেতাদের বাধার মুখে আমরা সঠিকভাবে চাল বিতরণ করতে পারছি না। একজন জেলে ১৬০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু এখন এক জেলেকে ৪০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রকৃত জেলেদের নিয়ে তালিকা করতে বলেছিলাম। কিন্তু বিএনপি নেতারা জেলেদের নাম বাদ দিয়ে বিএনপির কর্মীদের নামের তালিকা করেছেন। আমি তালিকাটি ইউএনওকে দেখিয়ে অনুমোদনের কথা বলেছিলাম। ক্ষুব্ধ বিএনপি নেতারা এ কারণে আমাদের ওপর হামলা করেছেন। পিটিয়ে আহত ও মুঠোফোন, মোটরসাইকেল ভাঙচুর করেছেন। আমরা ঘটনাটি ইউএনওকে জানিয়েছি। আমরা আইনের আশ্রয় চাই।’
তবে দক্ষিণ আইচা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের চেয়ারম্যানের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা আমাদের তালিকায় জেলেদের বাইরে কারও নাম আনিনি। এই তালিকা কয়েক দিন আগে চেয়ারম্যান ও সচিব বরাবর জমা দেওয়া হয়েছে। কিন্তু চেয়ারম্যান ও তার স্বামী নানা বাহানায় চাল বিতরণে বিলম্ব করছে। এ কারণে জেলেরা বিক্ষোভ করেছে। যার রোষানলে পড়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্বামী।’
এদিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটাওয়ারীর হাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী কোবখালী মাছঘাটের জেলেরা চালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। তাঁরা আরও অভিযোগ করেন, ধলীগৌরনগর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুর রহমান চাল বিতরণে গড়িমসি করছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য অফিস কার্যকর ভূমিকা নিচ্ছে না।
তবে চেয়ারম্যান মাকসুদুর রহমান জানিয়েছেন, জেলে কার্ডের তালিকা নিয়ে জটিলতার কারণে চাল বিতরণ বিলম্বিত হচ্ছে। তালিকা চূড়ান্ত হলেই কার্ড যাচাই করে চাল বিতরণ করা হবে। লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ বলেন, ঈদের আগেই চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছিল এবং প্রয়োজনীয় ছাড়পত্র (ডিও) হস্তান্তর করা হয়েছে। কিন্তু ইউনিয়ন পরিষদের জটিলতার কারণে সমস্যা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, তালিকা প্রস্তুতে বিলম্ব হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। দ্রুতই জেলেদের মধ্যে চাল বিতরণ করা হবে। ভোলা জেলা প্রশাসক মো. শামীম রহমান বলেন, দ্রুত তালিকা করে চাল বিতরণ শুরু করা হবে।