রুবেলের মায়ের ঈদের আনন্দ ভেসে গেছে চোখের জলে

রুবেল শেখ
ছবি: সংগৃহীত

ছায়াঘেরা গ্রাম ছয়ঘরিয়া। ঈদুল আজহার নামাজের জন্য দুটি ঈদগাহ ময়দান, দুটি মসজিদ ও আশপাশের এলাকা রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে। ঈদের নতুন পোশাক পরে সাজগোজ করে শিশু-কিশোরেরা ছুটে চলেছে এপাড়া থেকে ওপাড়া। কিছু বাড়িতে কোরবানির পর মাংস কাটা ও বিতরণ চলছে।

উৎসবের এই দিনে গ্রামের মাঝেরপাড়ায় রুবেল শেখের (১৪) বাড়িতে ছিল আনন্দের বদলে মাতম। ঈদের দুদিন আগে গত মঙ্গলবার রুবেল খুন হয়। সন্তান হারানোর শোকে কেবলই আহাজারি করছেন বর্গাচাষি ইয়ামিন শেখ ও রূপালী খাতুন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মাঝেরপাড়ায় রুবেল শেখের বাড়িতে গিয়ে শোকাবহ পরিবেশ চোখে পড়ে। রুবেল সদর উপজেলার সরোজগঞ্জ দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে পড়াশোনার খরচ মেটাত।

মা রূপালী খাতুন বলেন, ‘ছেলেডা সকাল ১০টার সুমায় একমুটো ভাত খাইয়ে ভ্যান নিয়ে বের হয়। সারা দিন গিরামে যাত্রী নিয়ে আসলিও আমার সাতে দেকা করিনি। বিকেল থেইকে মনের ভিতর ক্যারাম য্যানো আনচান করচেলো। আমি ইর বিচার চাই।’

নিহতের পরিবার, গ্রামবাসী ও থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে রুবেল ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। বেলা তিনটার দিকে গ্রামের সোহাগ আলী (২০) রুবেলের ভ্যানে ওঠেন। জরুরি কাজের কথা বলে রুবেলকে সদর উপজেলার বদরগঞ্জ বাজার হয়ে মর্তুজাপুর গ্রামের একটি খেজুরবাগানে নিয়ে যান। সেখানে মাথায় লাঠি দিয়ে আঘাত করে রুবেলকে হত্যা করেন। পরে ভ্যান ছিনতাই করে পালিয়ে যান।

নিহত কিশোর ভ্যানচালক রুবেল শেখের বাবা, মা ও একমাত্র ভাই

ছিনতাই করা ভ্যানটি বিক্রির জন্য ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে নিয়ে যান সোহাগ। ক্রেতা পরিচয় জানতে চাইলে সোহাগ প্রথমে তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বোড়া গ্রামে বলে জানান। সোহাগের চালচলন ও কথাবার্তায় ক্রেতার সন্দেহ হলে তিনি সোহাগকে নিয়ে ভ্যানসহ বোড়া গ্রামে যান। বোড়া গ্রামে পৌঁছানোর পর সোহাগ নিজেকে ছয়ঘরিয়া গ্রামের রুবেল শেখ বলে পরিচয় দেন। কিন্তু সেখানে উপস্থিত ছয়ঘরিয়া গ্রামের এক ব্যক্তি সোহাগকে চিনে ফেলেন। এরপর লোকজন সোহাগকে জাতীয় পরিচয়পত্র দেখাতে বলেন। কার্ড আনার কথা বলে কৌশলে গা ঢাকা দেন সোহাগ।

স্থানীয় ব্যক্তিরা আরও বলেন, সোহাগ পালিয়ে যাওয়ার পর ভ্যানের গায়ে লেখা মুঠোফোন নম্বরে বোড়া গ্রাম থেকে ফোন দিয়ে ভ্যান বিক্রির বিষয়টি জানানো হলে ইয়ামিন শেখ গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে যান। ভ্যান ফিরে পাওয়ার পর শুরু হয় ছেলের খোঁজ। গ্রামের মাতবরেরা রাত ১০টার দিকে সোহাগের বাড়িতে গিয়ে তাঁরা দেখেন, প্রচণ্ড গরমের মধ্যেও লেপ গায়ে দিয়ে ঘুমাচ্ছেন সোহাগ। এরপর সদর থানার পুলিশ সোহাগকে জিজ্ঞাসাবাদ শুরু করলে বিভিন্ন তথ্য দেন। এরপর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ রুবেলের লাশ উদ্ধার করে। সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে রুবেলের লাশ বুধবার দাফন করা হয়।

ইয়ামিন শেখ জানান, দেড় বছর আগে ৪২ হাজার টাকা দিয়ে তিনি ভ্যানটি কেনেন। কৃষিকাজের পাশাপাশি সময়-সুযোগ পেলে তিনি ভ্যানটি চালাতেন। মাদ্রাসা ছুটির সময় রুবেল ভ্যান চালিয়ে দুই ভাইয়ের পড়াশোনার খরচ তুলত।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের বাবা ইয়ামিন শেখ বাদী হয়ে সোহাগ আলীকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। সোহাগকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দিনই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।