
কুড়িগ্রামে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত দুই দিনের তুলনায় আজ শনিবার সকাল থেকে পানি কিছুটা কমলেও ধরলা ও দুধকুমার নদ–নদীর পানি আগের মতোই বিপৎসীমার ওপরে আছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তথ্যানুযায়ী, আজ দুপুর ১২টায় দুধকুমার নদের পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি কুড়িগ্রাম সদর পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
কুড়িগ্রামের বিভিন্ন দুর্গম এলাকা ঘুরে ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে বন্যা পরিস্থিতির কিছু তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি প্রথম আলোকে বলেন, দুধকুমার নদের পানির স্রোতে নাগেশ্বরী উপজেলার লুচনী নুরানী মাদ্রাসা এবং টেপার কুঠি মাদ্রাসার দুই জায়গায় ভেঙে গেছে। এতে উপজেলা শহরের সঙ্গে কচাকাটা থানার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বামনডাঙ্গা ইউনিয়নের চর লুচনী, আনন্দবাজার, টেপারকুঠি, উত্তর লুচনী, ফান্দের চর, বিষ্ণপুর গ্রাম, আনন্দবাজার, টাপুরচর এলাকার প্রায় চার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
রাজারহাট উপজেলায় ছিনাই ইউনিয়নের দুর্যোগ প্রশমন নিয়ে কাজ করেন আমিনুল ইসলাম। তিনি জানান, ধরলা নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমার, নামা জয়কুমার, কামারপাড়া এলাকার তিন শতাধিক বসতবাড়িতে পানি উঠেছে।
ধরলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গ্রামীণ সড়ক ও জনপথ প্লাবিত হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর বাজার থেকে ফুলবাড়ী উপজেলার পাখিউড়া সড়কে পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া জানান, তিস্তা, ব্রহ্মপুত্র নদের অববাহিকায় বেগমগঞ্জ ইউনিয়নের চর বতুয়াচলি, মশালের চর, বালাডোবারচরের পাঁচ শতাধিক বসতবাড়িতে পানি উঠেছে এবং এসব নদ-নদীর তীরবর্তী জেলার ৯ উপজেলার ২০টি ইউনিয়নের ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানিতে জেলার তিন শতাধিক চর প্লাবিত হয়েছে বলে জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে।
কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর ফারাজিপাড়ার ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘দুই দিন ধরে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মধ্যকুমরপুর থেকে পাখিউড়া রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। এই দুই দিন দোকানে আসতে পারিনি। দোকান বন্ধ ছিল। আজ পানি একটু কমায় দোকানে আসলাম। গরিব মানুষ দোকান না করতে পারলে খাব কী?’