হাতকড়া
হাতকড়া

মানিকগঞ্জে ভাবি ও ভাতিজাকে হত্যা মামলায় মিরপুর থেকে যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক গৃহবধূ ও তাঁর দেড় বছর বয়সী শিশুকে হত্যা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম ইউসুফ আলী (৪০)। তিনি দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের বাঁচামারা গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে এবং মিরপুরে বেড়িবাঁধ এলাকায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, বড় ভাই আবদুস সালাম ও ভাবি আমিনা খাতুনের সঙ্গে জমিজমা নিয়ে ইউসুফের বিরোধ ও পারিবারিক কলহ চলে আসছিল। ঈদুল আজহার আগে বাঁচামারা গ্রামে আবদুস সালামের বাড়িতে আসেন ইউসুফ। গত শনিবার সালাম ও আমিনার সঙ্গে ইউসুফের ঝগড়া হয়। এরপর রাত ১০টার দিকে ভাবি আমিনা খাতুন ও শিশু ভাতিজা আসওয়াদকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন ইউসুফ। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

এর কিছুক্ষণ পর সালাম বাড়িতে এলে তাঁকেও হাতুড়ি দিয়ে আঘাত করেন ইউসুফ। এ সময় স্থানীয় লোকজনের হস্তক্ষেপে সালাম প্রাণে বেঁচে যান এবং সেখান থেকে পালিয়ে যান ইউসুফ। সালাম বর্তমানে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিসিৎসাধীন।

এ ঘটনায় আসামিকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত সোমবার এলাকায় মানববন্ধন করেন স্থানীয় লোকজন। তাঁরা আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ ঘটনায় করা মামলায় একমাত্র আসামি হিসেবে ইউসুফকে গ্রেপ্তারে অভিযানে নামে জেলার ডিবি পুলিশ। একপর্যায়ে গতকাল রাত ১২টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে ইউসুফকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জোড়া খুনের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।