
মৌলভীবাজারের কুলাউড়ায় আমুলি পুঞ্জির কাছে তিন রাস্তার মোড় এলাকা থেকে নৈশপ্রহরী উসমান আলীর (৫৩) লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। একটি হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দেওয়ায় আসামিরা উসমান আলীকে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে কুলাউড়া থানায় মামলাটি করেন উসমান আলীর স্ত্রী রাজিয়া বেগম। এই মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উসমানের বাড়ি উপজেলার কর্মধা ইউনিয়নের নোনা টিলাবাড়ী এলাকায়। তিনি পার্শ্ববর্তী লম্বাছড়া পুঞ্জিতে বিভিন্ন ব্যক্তির পানের জুমে নৈশপ্রহরীর কাজ করতেন। এ ছাড়া ওই এলাকায় তাঁর একটি পানের জুম রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উসমান গত শনিবার (১৪ এপ্রিল) রাতে পান জুম পাহারার কাজে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। গতকাল রোববার সকালের দিকে স্থানীয় কিছু লোক আমুলি পুঞ্জির কাছে তিন রাস্তার মোড় এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। খবর পেয়ে স্বজনেরা ছুটে গিয়ে লাশটি উসমানের বলে শনাক্ত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া চা-বাগান এলাকার বাসিন্দা সবুজ মিয়া (৩৫) ও রুমন আলমিক (৩২), লক্ষ্মীপুর এলাকার তোফায়েল আহমদ (২৫) এবং পূর্ব বাবনিয়া এলাকার লকুছ মিয়া (৪০) ও চান্দু মিয়াকে (৫০) আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও সাত-আটজনকে।
মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় মেঘাটিলা পুঞ্জি এলাকায় রিমন মিয়া নামের এক পানচাষি খুন হন। লকুছ মিয়া ও চান্দু মিয়া ওই মামলার এজাহারভুক্ত আসামি। মামলার ১ নম্বর সাক্ষী ছিলেন উসমান। মামলার পর সাক্ষ্য না দিতে লকুছ ও চান্দু বিভিন্ন সময় উসমানকে হুমকি দেন। কিন্তু উসমান তাতে পিছপা হননি। এ ঘটনার জের ধরে ওই ব্যক্তিরা পরিকল্পনা করে তাঁকে (উসমান) হত্যা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ বিষয়ে লকুছ মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
মামলার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় উসমানের মাথার পেছনে ও দুই হাতের আঙুলে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ আজ সকালে মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আনোয়ার হোসেন বলেন, আজ সোমবার ভোরে এলাকায় অভিযান চালিয়ে রুমন অলমিককে আটক করা হয়। পরে দায়ের হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে।