
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে ৬, ১২ ও ১৩ মে সকাল ১০টা থেকে পরীক্ষা শেষ হওয়ার আগপর্যন্ত উপকেন্দ্র খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের গল্লামারী থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
একইভাবে ২০ ও ২৭ মে এবং ৩ জুন অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সময়ও ওই সড়ক বন্ধ থাকবে। আজ বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট তারিখের বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত। ওই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও নগরের রেভারেন্ড পলস্ হাইস্কুল, হোপ পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২০ ও ২৭ মের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ৩ জুনের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রেভারেন্ড পলস্ হাইস্কুল, হোপ পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস প্রথম আলোকে বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা মুঠোফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ ও বই নিয়ে ভর্তি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে তাঁদের। কোনো অভিভাবক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। ভর্তি পরীক্ষা চলার সময় গল্লামারী ব্রিজের পশ্চিম পাশ থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে। ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের (অনুষদ) ডিন অধ্যাপক কামরুল হাসান তালুকদার, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম, আরডিসি সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া, এসি (ট্রাফিক) গোপীনাথ কানজিলাল, র্যাব-৬–এর ডিএডি মো. কুদ্দুস, হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক, লবণচরা থানার ওসি মো. এনামুল হক, ডিবির পুলিশ পরিদর্শক প্রবীর কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।