সিলেট সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিয়া ফাজিল চিশত এলাকার সরু রাস্তায় চলাচল করতে ভোগান্তি পোহান মানুষ। ছবিটি সম্প্রতি তোলা
সিলেট সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিয়া ফাজিল চিশত এলাকার সরু রাস্তায় চলাচল করতে ভোগান্তি পোহান মানুষ। ছবিটি সম্প্রতি তোলা

ওয়ার্ড নম্বর ১ ও ২

সিলেটের দুই ওয়ার্ডে জলাবদ্ধতা, যানজটে ভোগান্তিতে মানুষ

দুই ওয়ার্ডেই যানজট ও মশার উপদ্রব্য আছে। ১ নম্বর ওয়ার্ডের রাজারগলি এলাকার সুপেয় পানির সংকট আছে। ২ নম্বর ওয়ার্ডের রাস্তাগুলোর প্রস্থ কম।

সামান্য বৃষ্টি হলেই এলাকায় হাঁটুপানি দেখা দেয়। প্রায় ঘরেই তখন পানি ঢুকে পড়ে। রাস্তা সরু হওয়ায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। মশার তীব্র উপদ্রব আছে। এ ছাড়া অতিরিক্ত বৃষ্টি হলে এলাকার পাশ দিয়ে প্রবাহিত ছড়া (প্রাকৃতিক) উপচে জলাবদ্ধতা দেখা দেয়। এখানেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এটি সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড। জলাবদ্ধতা, মশার উপদ্রব, সরু রাস্তাসহ নানা সমস্যার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন এই ওয়ার্ডের মানুষ।

সিলেট নগরের ১ নম্বর ওয়ার্ডে রয়েছে বেশ কিছু এলাকা। এর মধ্যে আছে পায়রা, আম্বরখানা পশ্চিম, দরগামহল্লা, দর্শন দেউড়ি, দরগাগেট, ঝরনারপাড়, মীরের ময়দান, মিয়া ফাজিল চিশত, পূর্ব সুবিদবাজার ও রাজারগলি এলাকা। এখানেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সিভিল সার্জনের কার্যালয়, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস), বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র অবস্থিত। এ ছাড়া ওয়ার্ডটিতে একাধিক স্কুল, কলেজ, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক, অভিজাত আবাসিক হোটেল-রেস্তোরাঁ ও বিপণিবিতান আছে। ফলে দিনভর ওয়ার্ডটি মানুষের পদচারণে সরব থাকে।

সিলেট নগরের পায়রা এলাকার বাসিন্দা রাজীব চৌধুরী বলেন, সামান্য বৃষ্টি হলেই এলাকায় হাঁটুপানি দেখা দেয়। প্রায় ঘরেই তখন পানি ঢুকে পড়ে। পায়রা এলাকায় অবস্থিত হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে প্রতিদিনই হাজারো মানুষ আসেন। বিপুলসংখ্যক মানুষের চলাচলের সুযোগ কাজে লাগায় কিছু বহিরাগত ছিঁচকে চোর। তাই প্রায়ই এখানকার বিভিন্ন বাসায় চুরির ঘটনার খবর পাওয়া যায়।

মিয়া ফাজিল চিশত এলাকার বাসিন্দা সৈয়দ কামাল আহমদ বলেন, এলাকায় মশার উপদ্রব আছে। এ ছাড়া অতিরিক্ত বৃষ্টি হলে এলাকার পাশ দিয়ে প্রবাহিত ছড়া (প্রাকৃতিক) উপচে জলাবদ্ধতা দেখা দেয়।

হজরত শাহজালাল (রহ.) দরগাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান দুদু বলেন, বিশেষত ওয়ার্ডের পায়রা ও দরগাবাজার এলাকায় জলাবদ্ধতা ও ছিঁচকে চোরের উপদ্রবই বেশি। এ ছাড়া পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেও জলাবদ্ধতা সমস্যা ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, রাজারগলি এলাকার কিছু অংশে সুপেয় পানির সংকট আছে। রাস্তাসহ উন্মুক্ত নানা স্থানে স্থানীয় লোকজন যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় অনেক এলাকা অপরিচ্ছন্ন ও নোংরা। দরগাগেট এলাকায় প্রায়ই যানজট থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজারগলি এলাকার এক বাসিন্দা বলেন, ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী প্রায়ই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে থাকেন। এতে ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয়। একই কারণে উন্নয়নকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি ওয়ার্ড সুষ্ঠুভাবে পরিচালনায় যাবতীয় কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তৌফিকুল হাদী সম্প্রতি হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী ছুটি নিয়ে বিদেশে কিছুদিনের জন্য এসেছি। তবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মুঠোফোনে সবার সঙ্গেই যোগাযোগ আছে। ফলে দেশের বাইরে থাকলেও কোনো কাজের বিঘ্নœ ঘটছে না।’

তৌফিকুল হাদী আরও বলেন, ‘মশার সমস্যা কমবেশি সব ওয়ার্ডেই রয়েছে। এরপরও আমার ওয়ার্ডে মশকনিধনে নিয়মিত উদ্যোগ নিচ্ছি। জলাবদ্ধতা নিরসনে বেশকিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং হচ্ছে। এতে জলাবদ্ধতা অনেকটাই কমেছে। অন্যান্য নাগরিক দুর্ভোগ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক কম। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলকভাবে ভালো আছে।’

সরেজমিনে ঘুরে পাশের ২ নম্বর ওয়ার্ডেও প্রায় একই সমস্যা দেখা গেছে। স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, ওয়ার্ডটি অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, মশার উপদ্রব এবং যানজটের সমস্যা ভয়াবহ রূপ নিয়েছে। এ ছাড়া আবাসিক এলাকাকে বাণিজ্যিক এলাকার মতো ব্যবহারের প্রবণতা বাড়ছে এবং উঁচু এলাকা হওয়া সত্ত্বেও সম্প্রতি ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডভুক্ত এলাকাগুলো হচ্ছে দাড়িয়াপাড়া, জল্লারপার, ক্ষেত্রীপাড়া, কালী ইলিয়াস, লামাবাজার সরষপুর ও জিন্দাবাজার। এর মধ্যে জিন্দাবাজার ও জল্লারপাড় এলাকায় প্রায় প্রতিদিনই তীব্র যানজট থাকে।

এই বিষয়ে কাউন্সিলর বিক্রম কর সম্রাট বলেন, পর্যায়ক্রমে অনেক সমস্যার সমাধান করা হয়েছে। মশকনিধনে ওষুধ ছিটানো হলেও সব ওয়ার্ডে একসঙ্গে ওষুধ না ছিটানোয় কয়েক দিন পর অন্য ওয়ার্ডের মশা আরেক ওয়ার্ডে চলে আসছে।