
ঢাকা-আরিচা মহাসড়কে বাস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে দুপুরে সাভার পরিবহনের আটটি বাস আটক করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীরা। আজ সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত প্রধান ফটকের সামনে বাসগুলো দেখা গেছে।
আহত ওই শিক্ষার্থী হলেন হাসান মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৬ ব্যাচের ছাত্র। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে জরুরি বিভাগে চিকিৎসাধীন।
চিকিৎসাধীন অবস্থায় মুঠোফোনে হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, আজ সকাল সোয়া ১০টার দিকে নবীনগর থেকে সাভার পরিবহনের একটি বাসে করে ক্যাম্পাসে ফিরছিলেন তিনি। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বাসের কন্ডাক্টরকে বাস থামিয়ে তাঁকে নামার সুযোগ করে দিতে অনুরোধ করেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটকসংলগ্ন বাস স্টপেজে বাস থেকে পুরোপুরি নামার আগে তাঁকে ধাক্কা দিয়ে বাস ছেড়ে দিলে তিনি পড়ে যান। এতে তিনি পায়ে গুরুতর আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে রাজধানীর একটি শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক বেলায়েত হোসেন তাঁকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে পাঠান। তিনি আরও বলেন, ‘আমি খুবই অসহায় বোধ করছি। আমার পুরো শরীরে ব্যথা।’
হাসপাতালে হাসান মাহমুদের সঙ্গে আছেন তাঁর বন্ধু গণিত বিভাগের শিক্ষার্থী রাশেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার বন্ধুর অবস্থা খারাপ। তাঁকে প্রথমে শিশু হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, তারপর এই অর্থোপেডিক হাসপাতালে নিয়ে এসেছি। কয়েক দিন এখানে থেকে চিকিৎসা করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আমরা বাসের হেল্পারের শাস্তি দাবি করছি ও চিকিৎসার ব্যয়ভার বহনের দাবি জানাচ্ছি।’
সাভার পরিবহনের চেয়ারম্যান সোহরাব হোসেন প্রথম আলোক বলেন, ‘যে বাস শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে, সেই বাস ও বাসচালককে শনাক্ত করে ব্যবস্থা নেব। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এ ঘটনায় শিক্ষার্থীকে যদি ক্ষতিপূরণ দিতে হয়, তাহলে সেই ক্ষতিপূরণ দেব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, তাঁরা ঘটনাটি শুনেছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছেন। রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর জন্য তাঁদের ছাত্র এই দুর্ঘটনার শিকার হয়েছে। তাঁর চিকিৎসার সব ব্যয়ভার পরিবহন কর্তৃপক্ষকে বহন করতে হবে। পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে।