
গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড গ্রামে নির্মাণাধীন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক ফুরকান খান। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় মামলার ধরন এবং আসামি ও গ্রেপ্তার ব্যক্তিদের নাম প্রকাশ করতে চাননি তিনি।
শ্রীপুর থানার একটি সূত্র জানায়, নিহত ব্যক্তিদের একজনের আত্মীয় বাদী হয়ে মামলাটি করেছেন। এতে তিনজনকে আসামি করা হয়েছে। আসামিদের একজন কারখানার মালিক, অপর দুজন নির্মাণপ্রতিষ্ঠান আলিফ এন্টারপ্রাইজের কর্মকর্তা।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড গ্রামে আরমাদা স্পিনিং কারখানায় নির্মাণাধীন ভবনের নিচতলায় বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কচ্ছপিয়া গ্রামের মো. পিয়াস, একই এলাকার পাভেল ও জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর এলাকার মনোয়ার হোসেন। তাঁরা সবাই ওই কারখানার নির্মাণপ্রতিষ্ঠান আলিফ এন্টারপ্রাইজের দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক ছিলেন।
কারখানার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক জসিম উদ্দিন প্রথম আলোকে গতকাল দুপুরে জানান, সকাল থেকে কারখানার তৃতীয় তলায় নির্মাণকাজ চলছিল। নিচতলা থেকে একটি বড় রড তৃতীয় তলায় তোলা হচ্ছিল। এ সময় কারখানার পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বিদ্যুতের সংযোগ লাইনে ওই রডের সংস্পর্শ ঘটে। এতে বিদ্যুতায়িত হন সেখানে থাকা তিন শ্রমিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।