শ্রীপুরে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

ধর্ষণ
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কারখানা থেকে ফেরার পথে এক নারী শ্রমিক (১৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতের ওই ঘটনায় আজ মঙ্গলবার থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিরা হলেন শ্রীপুর উপজেলার দেলোয়ার হোসেন (২৩) ও ইমন হোসেন (২২)। আজ শ্রীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্যাতনের শিকার নারীকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মামলার সংক্ষিপ্ত এজাহার ও ভুক্তভোগী নারীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্যাতনের শিকার নারী উপজেলার একটি গ্রামের বাসিন্দা। বিবাহিত ওই নারী ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি জুতা তৈরির কারখানায় চাকরি করেন। গতকাল রাতে কারখানায় কাজ শেষ করে তিনি তাঁর পরিচিত এক ব্যক্তির সঙ্গে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ভুক্তভোগী ও তাঁর সঙ্গে আসা ব্যক্তির পথরোধ করেন দেলোয়ার, ইমন ও মো. উজ্জল মিয়া নামের তিনজন। তাঁরা ওই নারীর সঙ্গে থাকা ব্যক্তিকে মারধর করে তাঁকে আরেকটি স্থানে নিয়ে ধর্ষণ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম প্রথম আলোকে বলেন, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।