
রাজশাহী রেশম কারখানার শ্রমিকেরা আট মাস ধরে মজুরি পাচ্ছেন না। মজুরির দাবিতে তাঁরা একাধিকবার কর্মবিরতির ডাক দিয়ে কারখানার গেটের সামনে আন্দোলন করেছেন। তবে এখনো বিষয়টির কোনো সুরাহা হয়নি। শ্রমিকেরা বলছেন, হাতে টাকাপয়সা না থাকায় তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। দোকানিরা তাঁদের বাকি দেওয়া বন্ধ করে দিয়েছেন। এ অবস্থায় কীভাবে ঈদ উদ্যাপন করবেন, তা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, ঈদের আগে কর্মচারীদের তিন মাসের বেতন দেওয়া হবে বলে আশা করছেন তাঁরা।
কারখানা সূত্রে জানা গেছে, ২০০২ সালে তৎকালীন বিএনপি সরকার কারখানাটি বন্ধ করে দেয়। পরে ২০১৮ সালের ২৭ জুলাই পরীক্ষামূলকভাবে কারখানার পাঁচটি লুম চালু করা হয়। এরপর এ পর্যন্ত মোট ২০টি লুম চালু করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৯টি এখন উৎপাদনে রয়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে এখানে কর্মরত শ্রমিকেরা মজুরি পাচ্ছেন না। দীর্ঘদিন অপেক্ষার পর কোনো সমাধান পেয়ে গত ২২ ফেব্রুয়ারি থেকে মজুরির দাবিতে কর্মবিরতির ডাক দেন। গত দেড় মাসে শ্রমিকেরা ছয় দিন কর্মবিরতি পালন করেছেন।
শ্রমিকেরা বলছেন, তাঁরা সবাই দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী। তাঁদের উৎপাদিত কাপড় বিক্রি করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড লাখ লাখ টাকা আয় করছে, কিন্তু অল্প টাকা মজুরি দেওয়া হচ্ছে না।
সানোয়ার হোসেন এই কারখানার একজন দক্ষ শ্রমিক। তিনি রাজশাহী রেশম কারখানা বন্ধ হওয়ার আগে ২৬ বছর কাজ করেছেন। ২০১৮ সালে নতুন করে কারখানা খোলা হলে তিনি আবার কাজ শুরু করেছেন। তাঁর দাবি, একজন নিয়মিত দক্ষ শ্রমিকের দৈনিক মজুরি অন্তত ৫০০ টাকা ও অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ৪৫০ টাকা হওয়ার কথা। তবে তাঁদের দেওয়া হয় মাত্র ৩০০ টাকা। সেটাও আট মাস ধরে বন্ধ। রোজার মাসে মানুষ কত রকম ইফতারি কিনছেন। কিন্তু তাঁরা কিছুই জুটাতে পারছেন না।
কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মার্চ মাসে তাঁরা তাঁদের সমস্যার কথা তুলে ধরে মহাপরিচালক বরাবর একটি আবেদন করেছেন। সেখানে শ্রমিকেরা দাবি করেছেন, বিনা চিকিৎসায় একজন কর্মীর সন্তান মারা গেছে। এ ছাড়া দোকানপাটে বাকি বন্ধ করে দেওয়া, বিল না দেওয়ার কারণে বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হওয়ার কথা উল্লেখ করেছেন শ্রমিকেরা।
আজ বৃহস্পতিবার সকালে কারখানায় গিয়ে কথা হয় শ্রমিক মুন্নী বেগমের সঙ্গে। তিনি বলেন, মাসের পর মাস মজুরি পাচ্ছেন না। এর মধ্যে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে। ছেলের চিকিৎসার জন্য টাকার আশায় অনেকের কাছে গেছেন। কিন্তু কেউ তাঁর কথা কানে তোলেননি। গত ফেব্রুয়ারি মাসে বিনা চিকিৎসায় তাঁর ছেলে মারা গেছে। কিন্তু এখনো তাঁরা মজুরি পাননি। তবু আশায় আশায় কাজ করে যাচ্ছেন।
পেইন্টিং শাখার শ্রমিক জয়নাল আবেদীন বলেন, তাঁর ২২ বছরের কাজের অভিজ্ঞতা। আগে বিসিকের একটি কারখানায় কাজ করতেন। সরকারি কারখানা খোলার পরে এখানে এসেছেন। এখন আট মাসের মজুরি বাকি। থাকতেও পারছেন না, ছাড়তেও পারছেন না। আবেদীন বলেন, তিনি যেই শাড়িতে রং করছেন, সেটা ৫ হাজার টাকায় বিক্রি করা হবে। অথচ তাঁদের মজুরি দেওয়া হচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন, ‘এর চেয়ে অবিচার আর কী হতে পারে!’
মজুরি বকেয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আনওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এই শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি লাগে। তারা অনেক ‘কোয়ারি (প্রশ্ন)’ করে। সর্বশেষ তাদের তিনটি কোয়ারির জবাব দেওয়া হয়েছে। তিনি সচিবের সঙ্গে দেখা করে এ বিষয়ে অনুরোধ করে এসেছেন বলে দাবি করেন। ঈদের আগেই শ্রমিকদের তিন মাসের মজুরি ছাড় হতে পারে বলে আশা করছেন তিনি।