ফরিদপুরে ইউপি সচিবকে লাঞ্ছিত ও মারধর, সদস্য আটক

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফরিদপুরের সদরপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবকে লাঞ্ছিত ও মারধর করার ঘটনায় ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আহত ইউপি সচিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের পাশে ঢেউখালী ইউনিয়নের পিঁয়াজখালী বাজারের পূর্ব পাশে নারিকেলবাড়িয়া ইউনিয়নের টিসিবির পণ্য বিক্রির সময় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

মারধরের শিকার নারিকেলবাড়িয়া ইউনিয়নের সচিব সদরপুর ইউনিয়নের সতেররশি গ্রামের মো. সরোয়ার হোসেন (৩৬)। তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন ওই ইউপির ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈজদ্দিন আকনের কান্দি গ্রামের বাসিন্দা মো. সুমন আকন্দ (৩৮)। এ ঘটনায় কর্তব্যরত সরকারি কর্মচারীকে মারধর করায় পুলিশ ইউপি সদস্য সুমন আকন্দকে ঘটনার পরপরই আটক করে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নটি নদীর ওপারে অবস্থিত। যাতায়াতের সমস্যার জন্য আজ সদরপুর উপজেলার পিঁয়াজখালী বাজারের পূর্ব পাশে সাম্পান চাইনিজ রেস্টুরেন্টের পাশে নারিকেলবাড়িয়া ইউনিয়নের টিসিবি কার্ডধারীদের মাঝে পণ্যসামগ্রী বিতরণ করা হচ্ছিল। এ কাজে নিয়োজিত ছিলেন ইউপি সচিব সরোয়ার হোসেন ও তাঁর সহযোগীরা।

টিসিবি কার্ড ওয়ার্ডভিত্তিক পূর্বেই ইউপি সদস্যদের দেওয়া হয়। ওই ইউপি সদস্যকেও আটটি কার্ড দেওয়া হয়েছিল বিতরণের জন্য। বেলা সাড়ে ১১টার দিকে টিসিবি পণ্য বিতরণের সময় ইউপি সদস্য সুমন আকন্দ সচিবের কাছে অতিরিক্ত কার্ড দাবি করেন। এ নিয়ে সচিব ও ইউপি সদস্যের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ইউপি সচিবকে মারধর করেন সুমন। এ ঘটনায় ইউপি সচিব আহত হন।

এলাকাবাসী আহত অবস্থায় ইউপি সচিব সরোয়ারকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

ইউপি সচিব সরোয়ার জানান, ইউপি সদস্য তাঁর কাছে অন্যায় আবদার নিয়ে এসেছিলেন। আগে তাঁকে কার্ড দেওয়া হলেও আজ তিনি বাড়তি কার্ডের দাবি জানান। তিনি এ কথা না শোনায় তাঁকে মারধর ও লাঞ্ছিত করেন ইউপি সদস্য সুমন আকন্দ। এ ঘটনায় তিনি সদরপুর থানায় বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ দিয়েছেন।

ইউপি সদস্য সুমনের স্ত্রী বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি শুনেছি, আমার স্বামীর সঙ্গে সচিবের ধাক্কাধাক্কি হয়েছে। যেহেতু বিষয়টি আইনের আওতায় চলে গেছে, সে কারণে বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবিলা করব।’

সুমনের স্ত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এ জন্য তিনি তাঁর নাম প্রকাশ করতে চাননি।

দিয়ারা নারিকেলবাড়িয়া ইউপির চেয়ারম্যান নাসির উদ্দীন সরদার বলেন, তিনি টিসিবি পণ্য দেওয়ার কাজ শুরু করে সদরপুর উপজেলা সদরে এক সভায় যোগ দিতে আসেন। পরে শুনেছেন, ইউপি সদস্য ও সচিবের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, এ ব্যাপারে ইউপি সচিব ওই ইউপি সদস্যের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। ইউপি সদস্য তাঁদের হেফাজতে রয়েছেন।