
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক পদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী শেখ ফরিদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১২টি পদের মধ্যে বিএনপিপন্থী প্রার্থীরা ৭টি ও আওয়ামীপন্থী স্বতন্ত্র প্রার্থীরা ৫টি পদে জয় পেয়েছেন।
নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াতপন্থী সবুজ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামীপন্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আটটি পদে অংশ নেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মোহাম্মদ সারওয়ার হোসেন।
ঘোষিত ফলাফলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইউসুফ আলী ১১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু বকর মোস্তাক আলম (টুলু) পেয়েছেন ১১১ ভোট। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী শেখ ফরিদ ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী সবুজ প্যানেলের ইউনুস আলী ৭৬ ভোট পেয়েছেন।
সভাপতি ইউসুফ আলী ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয়ী অন্য প্রার্থীরা হলেন গ্রন্থাগার সম্পাদক পদে আবদুল মান্নান, কোষাধ্যক্ষ সম্পাদক পদে কামাল হোসেন, সদস্যপদে রফিজ উদ্দিন, নাজমা বেগম, আহসান হাবিব ও আনারুল হক।
সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগপন্থী শেখ ফরিদ ছাড়া জয়ী প্রার্থীরা হলেন সহসভাপতি পদে জীতেন চন্দ্র পাল এবং রুহুল আমীন, সহসাধারণ সম্পাদক পদে সোহরাব হোসেন প্রধান, কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার ইবনে মোস্তফা।