নুরুল আমীন (৩২) পেশায় একজন দিনমজুর। বিভিন্ন মৌসুমে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করেন। তবে ফসলের মৌসুম না থাকলে কাজ করেন ইটভাটায়। সংসারের একটু সচ্ছলতার আশায় দিনমান হাড়ভাঙা খাটুনি খাটেন তিনি। সেই নুরুল আমীন আজ একাই ৫০ শতক জমির ধান কেটে গ্রামের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। নুরুল আমীনের এ কাজ দেখার জন্য প্রচণ্ড গরমের মধ্যেও শত শত লোকের ভিড় জমে।
নুরুল আমীন নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের ভাটিসাভার গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে গ্রামেই বসবাস করেন।
আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে ভাটিসাভার গোরস্থান বাজারের পাশে অবস্থিত জমিতে নুরুল আমীনকে ধান কাটতে দেখা গেছে। জমির মালিক হচ্ছেন একই গ্রামের আবদুল জলিল (৫৫)। তিনি বলেন, নুরুল আমীন প্রতি ১০ শতক জমির ধান কাটার জন্য ৭০০ টাকা চেয়েছেন। ৫০ শতক জমিতে বিআর ২৮ জাতের ধান লাগিয়েছিলেন। জমিতে থাকা পাকা ধান এক দিনে কেটে দিতে পারবেন বলে নুরুল আমীন তাঁকে জানান। তাঁর হয়তো টাকার প্রয়োজন ছিল। তাই খুব করে ধরেছিলেন। ফলে তিনি আর না করতে পারেননি। কিন্তু চার-পাঁচজনের কাজ নুরুল আমীন একা করায় তিনি যারপরনাই হতবাক হন। শুধু তিনি নন, গ্রামের লোকজন খবর পেয়ে নুরুল আমীনের ধান কাটা দেখতে আসেন।
জলিল আরও দর–কষাকষির পর আজ ভোর সাড়ে চারটার দিকে নুরুল আমীন ধান কাটার কাঁচি নিয়ে জমিতে নামেন। প্রচণ্ড রোদের কারণে সামান্য বিরতি দিয়ে বেলা তিনটার মধ্যে প্রায় ৪০ শতক জমির ধান কাটা শেষ করে ফেলেন। মতিউর রহমান নামের এক কৃষক বলেন, পাকা ধান কাটার জন্য কৃষকেরা সাধারণত ৮-১০ জন শ্রমিকের দল ঠিক করেন। একজন শ্রমিককে ধান কাটার জন্য নিয়োজিত করতে তিনি কখনো দেখেননি।
ওই গ্রামের বাসিন্দা কাজল মিয়া (৪০) বলেন, নুরুল আমীন গরিব মানুষ। দিনমজুরি করে তাঁর সংসার চলে। তিনি খুবই পরিশ্রমী মানুষ। তাঁকে দৈনিক এক হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হলেও গৃহস্থ ঠকবেন না বলে তিনি মনে করেন।
সরেজমিনে দেখা যায়, গোরস্থান বাজারগামী সড়কের দুই পাশে লোকে লোকারণ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে নুরুল আমীনের কাজের বিষয়টি প্রচার (ভাইরাল) হওয়ার পর থেকে এলাকায় লোকজনের ভিড় জমে। সড়কের পাশে থাকা একটি চা-দোকানে প্রচণ্ড ভিড় জমে উঠতে দেখা যায়। এ প্রতিবেদক সেখানে গিয়ে দেখাতে পান, প্রচণ্ড রোদে ধান কাটার পর নুরুল আমীম জমির মালিকের বাড়ির পাশে বসে বিশ্রাম নিচ্ছেন।
কাছে গিয়ে জানতে চাইলে নুরুল আমীন বলেন, ‘আমি সব সময় ২০-৩০ শতক জমির ধান একাই কাটি। কিন্তু গ্রামের লোকজন সেটা বিশ্বাস করতে চান না। অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। তাই সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিই, ৫০ শতক জমির ধান আমি একা এক দিনে কাটব। এ ভাবনা নিয়ে জমির মালিকের সঙ্গে প্রতি ১০ শতক জমির ধান কাটা বাবদ ৭০০ টাকা চুক্তি করি।’ এক দিনে তাঁর রোজগার হবে ৩ হাজার ৫০০ টাকা। এ টাকা তিনি সংসারের কাজে লাগাবেন।