সুন্দরবনে বেপরোয়া হয়ে উঠেছেন বন্য প্রাণী শিকারি চক্রের সদস্যরা। ফাঁদ পেতে, বিষটোপ দিয়ে, গুলি করে বাঘ ও হরিণ হত্যা করা হচ্ছে। এসব বন্য প্রাণী হত্যা ও পাচার রোধে শিকারিদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে বন বিভাগ। আজ বুধবার সকালে সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাসানুর রহমান এ ঘোষণা দেন।
ওই ঘোষণায় সহকারী বন সংরক্ষক এ জেড এম হাসানুর রহমান বলেন, সুন্দরবনের ভেতরে বেঙ্গল টাইগার হত্যাকারীদের ঘটনাস্থলে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা অথবা লোকালয়ে হত্যাকারীদের সন্ধান দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। হরিণের ক্ষেত্রে বনের ভেতরে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা ও বনের বাইরে তথ্যদাতাকে ১০ হাজার টাকা দেওয়া হবে। কুমিরের ক্ষেত্রে বনের ভেতরে ৩০ হাজার টাকা ও বাইরে ১৫ হাজার টাকা এবং পাখি ও অন্যান্য বন্য প্রাণীর ক্ষেত্রে বনের ভেতরে ১০ হাজার টাকা ও বাইরে ৮ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
আজ বুধবার সকালে খুলনার সুন্দরবনসংলগ্ন ৭টি ইউনিয়নের ৭৮টি গ্রামের জনসাধারণকে নিয়ে সুন্দরবন সুরক্ষায় গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন পিপলস ফোরামের সাধারণ সভায় অংশ নিয়ে সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাসানুর রহমান এ ঘোষণা দেন।
সরকারের পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সরকারি প্রজ্ঞাপনের উদ্ধৃতি দিয়ে তিনি সুন্দরবনের প্রাণিকুল রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সভাটি অনুষ্ঠিত হয় সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাসানুর রহমান আরও বলেন, ‘সুন্দরবন আমাদের প্রাকৃতিক সম্পদ। এটাকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেক সচেতন নাগরিকের রাষ্ট্রের স্বার্থে বন বিভাগকে তথ্য দিয়ে বনের প্রাণিকুল রক্ষায় এগিয়ে আসতে হবে। সুন্দরবনের চোরা শিকারিদের ধরিয়ে দিতে প্রথমে আপনারা সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে যোগাযোগ করবেন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।’
ওই সভায় স্বেচ্ছাসেবী সংগঠন পিপলস ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. তানজিলুর রহমান, সুতারখালী স্টেশন কর্মকর্তা মো. সমশের আলী, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা এ কে এম আবু সাইদ প্রমুখ বক্তব্য দেন।
বনসংলগ্ন এলাকার গ্রামবাসীরা বলেন, সম্প্রতি সুন্দরবনে শিকারি চক্রের দৌরাত্ম্য উদ্বেগজনক হারে বেড়েছে। এই শিকারিদের গডফাদার রয়েছে। কেউ কেউ আবার রাজনৈতিক ছত্রচ্ছায়ায় চলে। শিকারিরা অনেক সময় জেলের বেশ ধারণ করে সুন্দরবনে প্রবেশ করেছেন। বনজ সম্পদ রক্ষা করতে হলে এখনই এদের চিহ্নিত করে দমন করতে হবে।
সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, ‘মাছ ও বন্য প্রাণীর বংশবৃদ্ধি, বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় বৃহস্পতিবার (১ জুন) থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন। এ সময় পর্যটক প্রবেশ ও সাধারণ মানুষের চলাচলসহ নদী-খালে মাছ শিকারও বন্ধ থাকবে। বন্ধের এ সময়ে অপরাধীরা যাতে সুন্দরবনে প্রবেশ না করতে পারে, তার জন্য বনসংলগ্ন বাসিন্দাদের সচেতন হতে হবে এবং বনের সম্পদ রক্ষায় তাদের এগিয়ে আসতে হবে।’
সুন্দরবনের নলিয়ান ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানজিলুর রহমান বলেন, ‘শিকারিদের মন-মানসিকতা পরিবর্তন না হলে বন্য প্রাণী শিকার বন্ধ করা কঠিন হবে। তারপরও চোরা শিকারিদের তৎপরতা রোধ করতে আমরা সতর্ক অবস্থায় রয়েছি। স্মার্ট প্যাট্রোলসহ বিভিন্ন ধরনের টহল কঠিনভাবে জোরদার করা হয়েছে। কিন্তু জনবল ও জলযানের সংকট রয়েছে আমাদের। তবে আশার কথা হচ্ছে, সুন্দরবনসংলগ্ন এলাকার সাধারণ মানুষ আমাদের গোপন তথ্য দিয়ে সহায়তা করলে তাঁদের পুরস্কৃত করা হবে। সাধারণ মানুষ এগিয়ে এলে অনেক সংকট কাটানো সম্ভব হবে।’