বগুড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের মামলার মূল আসামি আশরাফ আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার বিকেলে শেরপুর থানার পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে আশরাফ আলীকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ২৫ মার্চ আশরাফ আলী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা সবাই পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৫ মার্চ দুপুরে ওই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় আশরাফ আলী ওই শিশুকে কৌশলে বাড়ির ভেতরে নিয়ে ধর্ষণ করেন। ২৭ মার্চ ওই শিশুর বাবা বিষয়টি জানতে পেরে আশরাফ আলীর বাড়িতে গিয়ে নালিশ করেন। এ সময় তিনি আশরাফ আলীর স্বজনদের কাছে ধর্ষণের ঘটনার বিচার চান। তবে স্বজনেরা কোনো সুরাহা না করে উল্টো হুমকি দিয়ে একটি কাগজে ওই শিশুর বাবার কাছ থেকে জোর করে টিপসই নিয়ে সমঝোতার চেষ্টা করেন। পরে ২৮ মার্চ ওই শিশুর বাবা চারজনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক  মিথুন সরকার প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে বগুড়া র‍্যাব–১২–এর সহযোগিতায় সিরাজগঞ্জের কাজীপুর থেকে ধর্ষণ মামলার মূল আসামি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য তিন আসামিকে গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত আছে।