গাজীপুরে গাঁজা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে এসআইয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

গাজীপুর জেলার মানচিত্র
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে এক উপপরিদর্শক (এসআই) অভিযোগকারী ব্যক্তিকে গাঁজা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে দুই হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে অভিযোগকারীকে অভিযোগ তুলে নেওয়ার হুমকি দিয়েছেন ওই এসআই। অভিযোগকারী ব্যক্তির নাম বাদশা মিয়া।

অভিযুক্ত এসআই হলেন মো. শাহ আলম। তিনি কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়িতে কর্মরত। অভিযোগকারী বাদশা মিয়া কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের চাঁনপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় বসবাস করেন।

বাদশা মিয়া ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার পূর্ব চাঁনপুর গ্রামের বাসিন্দা ফালু মিয়ার ছেলে বাদশা মিয়া ভূমিহীন হওয়ায় তাঁকে আশ্রয়ণ প্রকল্প থেকে একটি ঘর দেওয়া হয়। তিনি একটি ব্যক্তিগত গাড়ি কিনে ভাড়ায় চালান। গাড়িটি আশ্রয়ণ প্রকল্পের ঘরের পাশেই ছাপরা ঘরে রাতে পার্কিং করতেন। গত ২৮ ফেব্রুয়ারি স্থানীয় প্রভাবশালী শাহজাহান মিয়ার নেতৃত্বে তাঁর ঘরটি ভেঙে দেওয়া হয় ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় তিনি (বাদশা মিয়া) থানায় অভিযোগ করেন। অভিযোগ তদন্তের দায়িত্ব পান মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহ আলম।

এ বিষয়ে শাহজাহান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

বাদশা মিয়া বলেন, তিনি ওই ঘটনায় কালিয়াকৈর থানায় ১ মার্চ একটি অভিযোগ করেন। অভিযোগটি তদন্ত করতে গত সোমবার বেলা তিনটার দিকে এসআই শাহ আলম তাঁদের গ্রামে যান। সেখানে এসআই শাহ আলম তাঁকে শাসান। বাদশাকে এসআই শাহ আলম বলেন, ‘তুই হেগ (শাহজাহান মিয়ার) নামে মামলা দিছস কেন? হেরা তো তোর ঘর ভাঙে নাই। আমি উল্টা তোর নামে আদালতে প্রতিবেদন দিমু। ১৫ হাজার টেহা দিবি, নইলে তোরে গাঞ্জা দিয়ে মামলা দিয়ে জেলে পাঠাইয়া দিমু।’ তখন তিনি পকেট থেকে গাঁজার পুঁটলি বের করে ভয় দেখান। বাদশা মিয়া বলেন, ‘ওই দিন সন্ধ্যায় মৌচাক ফাঁড়িতে গিয়ে তাঁকে (এসআই শাহ আলমকে) দুই হাজার টাকা দিছি। দুই হাজার টাকা হাতে নিয়ে ডিল দিয়া ফালাইয়া দিছে। পরে আবার উঠাইয়া তাঁর হাতে দিছি এবং কইছি, স্যার, আমি গরিব মানুষ, আর বেশি টেহা দিতে পারমু না। পরে তিনি দুই হাজার টেহা রাইখা আরও তিন হাজার টেহা দিতে কইছে। আমিও কইছি, স্যার, আমি আর টেহা দিতে পারমু না।’

এসব অভিযোগের বিষয়ে এসআই মো. শাহ আলম বলেন, ‘ওরা মিথ্যা কথা বলছে। পুলিশ হিসেবে আমি একজন ভালো মানুষ। বিশ্বাস না করলে আপনি খোঁজ নিয়ে অন্যদের কাছে জানতে পারেন।’

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, ‘তিনি (এসআই শাহ আলম) কারও কথা শোনেন না, যা মন চায় তা–ই করেন। আমরাও তাঁকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না।’