সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি

বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে। রোববার বিকেলে সদর উপজেলা সুরমা নদীর ইব্রাহীমপুর এলাকায়
ছবি: প্রথম আলো

ভারতের চেরাপুঞ্জিতে অনেক বৃষ্টি হওয়ায় এবং উজানের পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকায় সুনামগঞ্জে নদ-নদী ও হাওরে পানি বাড়ছে। আজ রোববার জেলার ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ৪২ সেন্টিমিটার বেড়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে ওই পয়েন্টে পানির উচ্চতা ছিল ৬ দশমিক ৬৭ মিটার। আজ একই সময়ে ৭ দশমিক ৯ মিটারে প্রবাহিত হচ্ছিল। ছাতক পৌর শহরের কাছে একই সময়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে ৮ দশমিক ৫২ মিটার উচ্চতায়।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার প্রথম আলোকে বলেন, সুনামগঞ্জে ও সুনামগঞ্জের উজানে ভারতের মেঘালয়ে বৃষ্টি হচ্ছে। যে কারণে পানি বাড়ছে। তবে বড় বন্যার কোনো আশঙ্কা নেই। ছোটখাটো স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।

সুনামগঞ্জে এখন যে পরিস্থিতি, সেটা এখন পর্যন্ত স্বাভাবিক বর্ষার মতো বলে জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি আর উজানের ঢলে বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার। বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের আছে।’

পাউবো সূত্র আরও জানায়, সুনামগঞ্জে শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটার। আজ সকাল থেকে সুনামগঞ্জে বৃষ্টি কিছুটা কম হলেও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে বেশি। যে কারণে সুনামগঞ্জে উজানের পাহাড়ি ঢল নামছে। এতে করে জেলার যাদুকাটা, নলজুর, বৌলাই, রক্তি, কুশিয়ারা, চলতি, পাটলাই, কালনীসহ সব নদীর পানি বাড়ছে।

এর মধ্যে জেলার ছাতক, দোয়ারাবাজার, সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় পানি বাড়ছে বেশি। ছাতক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় শুকনা খাবার ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি ইউনিয়নে জরুরি যাতায়াতের জন্য দুটি করে নৌকা প্রস্তুত রাখার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পানি বাড়লেও এখন রাস্তাঘাট বা মানুষের বাড়িঘরে পানি ওঠেনি জানিয়ে দোয়ারাবাজার উপজেলার নৈনগাঁও গ্রামের বাসিন্দা আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, উজানের ঢলে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়রখলা এলাকায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের কিছু অংশ প্লাবিত হয়েছে। এতে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

শনিবার রাতে এলাকার মূল সড়কে ঢলের পানি ছিল বলে জানিয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা আবদুল গণি। তিনি প্রথম আলোকে বলেন, পানি বাড়ছে। এভাবে বৃষ্টি ও পাহাড়ে ঢল নামা অব্যাহত থাকলে বন্যা দেখা দিতে পারে।

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর তীরের ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা আকরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, নদী কানায় কানায় ভরে গেছে। আর সামান্য বাড়লেই তীর উপচে গ্রামে পানি ঢুকে যাবে।

সুনামগঞ্জে গত বছর এই সময় ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। শহরে ঢলের পানি ঢুকে ১৬ জুন সন্ধ্যা নামার আগেই পুরো শহর প্লাবিত হয়ে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়ে সুনামগঞ্জ। ইন্টারনেট–সেবা বন্ধ হয়ে যায়। ঝড়, বৃষ্টি ও বজ্রপাত মাথায় নিয়ে হাজার হাজার মানুষ ছুটতে থাকেন আশ্রয়ের খোঁজে। উঁচু ভবন, আত্মীয়ের বাড়ি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেন তাঁরা।

সুনামগঞ্জ চার দিন বিচ্ছিন্ন ছিল দেশ থেকে। সরকারি হিসাবে, এ বন্যায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মারা যান ১৫ জন। ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয় ৫০ হাজার। মানুষের ঘরের আসবাব, গোলার ধান, মাছের খামার, গবাদিপশু সব ভেসে যায়। রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়।