‘আমি আমার আব্বুর কাছে যাব’

সড়ক দুর্ঘটনায় বাবাকে হারানো সুমি আফরোজের আহাজারি। তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে স্কুলের সহপাঠীরা। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের দড়িখুজেখানি গ্ৰামে
ছবি: প্রথম আলো

‘আমারে তোমরা ছাড়ো। আমি আমার আব্বুর কাছে যাব। আমারে আব্বুর কাছে নিয়ে যাও। এখনই আমারে আমার আব্বুরে দেখাও।’ চিৎকার করতে করতে এ কথাগুলো বলছিল সুমি আফরোজ নামের এক স্কুল ছাত্রী। সে শ্রীপুরের ১ নম্বর সিএনবি এলাকার আবেদ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় তাকে বিদ্যালয়ে নামিয়ে দিয়ে ফেরার সময় শ্রীপুর চৌরাস্তার পূর্ব পাশে ট্রাকচাপায় মারা যান তার বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল জলিল (৪২)।

বেলা পৌনে দুইটায় আবদুল জলিলের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে শতাধিক স্বজনের ভিড়। উঠানে, বাড়ির ভেতরে শুধু কান্নার শব্দ। এক কক্ষে বুক চাপরে কাঁদছেন আবদুল জলিলের স্ত্রী আফসানা আক্তার। তাঁকে সান্ত্বনা দিতে সেখানে উপস্থিত হয়েছেন স্বজনেরা। আফসানা কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমার তো সব শেষ হয়ে গেল। এত কষ্ট করে সংসারটা সাজিয়েছিলেন। কত স্বপ্ন ছিল তাঁর। কীভাবে সব শেষ হয়ে গেল। কত যে সাবধানে মোটরসাইকেল চালাতেন তিনি। কত সতর্ক থাকতেন সন্তানদের নিয়ে। এটা কী হয়ে গেল।’

পাশের কক্ষে দেখা যায়, তিন সহপাঠী জড়িয়ে ধরে আছে আবদুল জলিলের মেয়ে সুমি আফরোজকে। সবাই কাঁদছিল। ‘বাবা, বাবা’ বলে বারবার উচ্চ স্বরে ডাকছিল সুমি। বারবার তাকে বাবার কাছে নিয়ে যাওয়ার আকুতি জানাচ্ছিল জড়িয়ে ধরে থাকা সহপাঠীদের। সহপাঠীরা তাকে বাবার কাছে নিয়ে যাওয়ার আশ্বাস দিচ্ছিল।

আবদুল জলিলের স্বজন ও একসময়ের সহকর্মী ইকবাল হোসেন অশ্রুসিক্ত চোখে চাপা গলায় প্রথম আলোকে বলেন, এক বছর আগে সেনাবাহিনী থেকে অবসর নেন জলিল। এরপর বাড়িতেই থাকতেন। প্রতিদিন নিয়ম করে মেয়েকে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরের আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে মোটরসাইকেলে আনা-নেওয়া করতেন।

জলিলের আরেক সন্তান আট বছর বয়সী মো. জাসিন একটি মাদ্রাসায় নূরানী বিভাগের ছাত্র। তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন এক স্বজন। কোনো সান্ত্বনাই যেন জাসিনের কান্না থামাতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে বলছিল, ‘আমার আব্বুকে ট্রাকে চাপা দিছে। আপুরে স্কুলে দিয়া বাড়িতে আসতে চাইছিল আব্বু।’ দুর্ঘটনার খবর শুনে আবদুল জলিলের বাড়িতে ছুটে এসেছেন তাঁর একসময়ের সহকর্মী সেনাসদস্য মামুন। ভেজা চোখে তিনি শুধু বললেন, ‘আবদুল জলিল ভাই এভাবে মারা যাবেন, মেনে নিতে পারছি না। সড়ক দুর্ঘটনা তাঁর স্বপ্নকে শেষ করে দিয়ে গেল।’

আবদুল জলিলের মামাতো ভাই মোতাহার হোসেন বলেন, মেয়েকে স্কুলে দিয়ে ফিরছিলেন আবদুল জলিল। একটি সংযোগ সড়ক থেকে তিনি শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কে প্রবেশ করেছিলেন। এ সময় শ্রীপুর অভিমুখী মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জলিল।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন প্রথম আলোকে বলেন, আবদুল জলিলের মরদেহ ময়নাতদন্ত শেষে বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।