
১২ কোটি ৪৪ লাখ ব্যয়ে দোতলা ভবনটির নির্মাণ কাজ শেষ হয় ২০২১ সালের ৩০ জুন।
সিরাজগঞ্জ পৌরসভায় ‘আলহাজ মোহাম্মদ নাসিম পৌর কাঁচাবাজার’–এর নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। টাকা জামানত দিয়ে সেখানকার ভিটা ও দোকান বরাদ্দ নিয়েছেন ব্যবসায়ীরা। তবে এখন পর্যন্ত সেখানে মাত্র দুটি দোকান চালু হয়েছে। ফলে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দোতলা ভবনটি তেমন কোনো কাজে আসছে না।
শহরের শের-এ-বাংলা ফজলুল হক সড়কে নাসিম পৌর কাঁচাবাজারের অবস্থান। এর পাশেই কাচাঁ সবজি, মাছ, মাংসের দোকানসহ বড় বড় মুদি দোকান রয়েছে, যা বড় বাজার নামে পরিচিত। মূলত ওই বাজারের ব্যবসায়ীরা নাসিম পৌর কাঁচাবাজারে দোকান বরাদ্দ নিয়েছেন। বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, নাসিম পৌর কাঁচাবাজারের নিচতলায় মাছ, মাংস, মুরগি, কাঁচা তরকারী ও ফলমূলের ভিটা–দোকান। আর দোতলায় রয়েছে ৭৮টি দোকান। ক্রেতার সংকট ও লোকসানের আশঙ্কায় সেখানে তাঁরা যাচ্ছেন না।
সিরাজগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ১২ কোটি ৪৪ লাখ ব্যয়ে ২০১৯ সালের ২১ মে নাসিম পৌর কাঁচাবাজারের নির্মাণকাজ শুরু হয়। চারতলা ভিতের ওপর দুই তলার কাজ শেষ হয় ২০২১ সালের ৩০ জুন। বাজারের নিচতলায় ১১৬টি ভিটা (মাছ, মাংস, মুরগি, কাঁচা তরকারী ও ফলমূলের দোকান) ও দোতলায় রয়েছে ৭৮টি দোকান। এখানে একটি বৈদ্যুতিক সাবস্টেশন ও অগ্নি নির্বাপণের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এ ছাড়া বাজার ব্যাবস্থাপনার জন্য কার্যালয়, গাড়ি পার্কিং এলাকাসহ বাজারটির মাঝভাগে মোহাম্মদ নাসিমের ম্যুরালসহ চত্বর রয়েছে। প্রতিটি দোকানের সামনে প্রশস্ত চলাচলের রাস্তা রয়েছে। নিচতলায় একটি আধুনিক পশু জবাইখানা, মাংস প্রক্রিয়াকরণের প্রশস্ত জায়গা, মাংস ধোয়ার জায়গাসহ পৃথক শীতাতপ নিয়ন্ত্রিত মাংস বিক্রির দোকানের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া প্রতিটি তলায় রয়েছে একাধিক শৌচাগার।
ভিটাগুলো ২০ হাজার থেকে ৫০ হাজার ও দোকানগুলো ৮০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত জামানত জমা নিয়ে ব্যবসায়ীরা বরাদ্দ নিয়েছেন। ভাড়া ধরা হয়েছে প্রতি ভিটা মাসে ৫০০–৮০০ টাকা। প্রতিটি দোকানের ভাড়া ৮০০–১৫০০ টাকা।
২০২২ সালের ২১ মার্চ নাসিম পৌর কাঁচা বাজার উদ্বোধন করা হয়। তবে সেখানে ব্যবসায়ীরা কেউ আসেননি। এরপর ওই বছরের ১ আগস্ট এবং চলতি বছরের ১ জানুয়ারি আবারও বাজারের উদ্বোধন করা হয়। তবে বাজারটি সচল করা সম্ভব হয়নি। এ সম্পর্কে নাসিম পৌর কাঁচাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক লিখন সরকার বলেন, পৌর কর্তৃপক্ষ জোরালো উদ্যোগ নিলে বাজারটি সচল করা সম্ভব। যেভাবে নামেমাত্র উদ্বোধন করা হচ্ছে, তাতে এই বাজার কখনো সচল হবে না।
গত বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, নাসিম পৌর কাঁচাবাজার ভবনের চত্বর অপরিচ্ছন্ন। নিচতলার ভিটা ও শৌচাগারগুলো আবর্জনায় ভরে আছে। ভবনের দ্বিতীয় তলায় একটিমাত্র দোকান খোলা। সেখানে অল্প কিছু বেকারি পণ্য। দোকানের মালিক বিশাল রায় বলেন, ‘অন্য কোনো কাজ নেই। তাই আশা নিয়ে দোকান খুলে বসে থাকি। বাজার সচল না হওয়ায় কোনো দোকানি মালামাল ওঠাচ্ছেন না। পৌরসভার পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নিতে দেখছি না। ভবিষ্যতেও এই বাজার সচল হবে বলে মনে হচ্ছে না।’
নিচতলায় দুটি ভিটার ওপর দোকান বানিয়ে কিছু পণ্য নিয়ে বসে রয়েছেন শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘বড় আশা করে এই কাঁচাবাজারে দুটি ভিটা নিয়েছি। বাজারটি সচল না হওয়ায় চরম বিপদে আছি। ভিটা বরাদ্দ দেওয়ার সময় পৌরসভার মেয়র বলেছিলেন, খুব দ্রুতই এই বাজার সচল করা হবে। কিন্তু এখনো কোনো অগ্রগতি নেই। আমরা দোকানের ভাড়া কোথা থেকে দেব? এখানে সারাদিনে ক্রেতার দেখা নেই।’
পৌর বড় বাজরের মুরগি বিক্রেতা আবু হাসেম এখানে দোকান বরাদ্দ নিয়েছেন। তিনি বলেন, ‘পৌরসভার চাপে পড়ে কিছু মুরগি নিয়ে কাঁচাবাজারে গিয়েছিলাম। কিন্তু সাত দিনেও কোনো বেচাকেনা হয়নি।’
এ সম্পর্কে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আবদুর রউফ বলেন, ‘আমরা চেয়েছিলাম পৌরসভার বড় বাজারের দোকানিরা মোহাম্মাদ নাসিম কাঁচাবাজারে দোকান করবেন। কিন্তু বড় বাজারের দোকানিরা কথা শুনছেন না। আমাদের তো কোনো ক্ষতি নেই। দোকান ও ভিটার জামানতের টাকা থেকে ভাড়ার টাকা কেটে নিতে নির্দেশ দিয়েছি।’