ঈদে পরিবার থেকে আলাদা তাঁরা

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ঈদ উদ্‌যাপন করছেন। আজ শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার রাকিবুল মিয়া পাঁচ বছর ধরে পরিবারের সঙ্গে ঈদ করতে পারেন না। ঈদের সময় ছুটি মেলে না। ঈদে নানা ধরনের দুর্ঘটনার জন্য তাঁদের অতিরিক্ত সতর্ক ও প্রস্তুত থাকতে হয়। এবারও প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট বুকে চাপা রেখে কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে হচ্ছে।

একইভাবে পরিবার ও স্বজনদের থেকে দূরে থেকে ঈদ উদ্‌যাপন করছেন শরীয়তপুরের ছয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার, কর্মকর্তা ও কর্মচারীরা।

রাকিবুল মিয়ার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মোল্যাকান্দি গ্রামে। মা, বাবা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে পরিবার। দুই মাস আগে এক দিনের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলেন। তখন রমজানের কেনাকাটা করার টাকা দিয়ে এসেছেন। পরে বেতন ও বোনাস পেয়ে ঈদের কেনাকাটার জন্য বাবা ও স্ত্রীর কাছে টাকা পাঠিয়েছেন।

সকালে সন্তানরা ফোন করে কেঁদেছে। তাদের আকুতি ছিল আমার সঙ্গে ঈদ কাটাবে। কিন্তু সেটা তো সম্ভব নয়। রাষ্ট্রীয় দায়িত্ব-কর্তব্যের কাছে পরিবারের আবেগ-ভালোবাসা বিসর্জন দিতে হয়।
রাকিবুল মিয়া, ফায়ার ফাইটার, শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

রাকিবুল প্রথম আলোকে বলেন, ‘সকালে সন্তানরা ফোন করে কেঁদেছে। তাদের আকুতি ছিল আমার সঙ্গে ঈদ কাটাবে। কিন্তু সেটা তো সম্ভব নয়। রাষ্ট্রীয় দায়িত্ব-কর্তব্যের কাছে পরিবারের আবেগ-ভালোবাসা বিসর্জন দিতে হয়। সকালে ঈদের নামাজ আদায় করার পর মনটা আরও খারাপ হয়ে গেছে। বাবা, মা ও স্ত্রীকে ফোন করে কুশল বিনিময় করেছি। সহকর্মীদের সঙ্গেই ঈদ করছি।’

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুর সদরসহ ছয়টি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় রয়েছে। প্রতিটি ফায়ার সার্ভিসে কর্মরত আছেন ফায়ার ফাইটার ১৬ জন, লিডার ২ জন, গাড়িচালক ৪ জন ও স্টেশন অফিসার ১ জন। আর জেলা সদরে উপসহকারী পরিচালক ১ জন রয়েছেন। প্রতিবারের মতো জরুরি সেবা হিসেবে ঈদে তাঁদের ছুটি বাতিল করা হয়েছে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার জুয়েল মোল্যার বাড়ি গোপালগঞ্জ জেলা শহরের মিয়াপাড়া এলাকায়। দুই বছর ধরে পরিবারের সদস্যদের ছাড়া ঈদ কাটাচ্ছেন। জুয়েল মোল্যা প্রথম আলোকে বলেন, ‘রমজানের আগে বাবার অসুস্থতার খবর পেয়ে দুই দিনের ছুটি নিয়ে গ্রামে গিয়েছিলাম। ভেবেছিলাম, অসুস্থ বাবার সঙ্গে ঈদ উদ্‌যাপন করব। ছেলে-মেয়ে কান্নাকাটি করছে। আমি যেতে পারিনি। ভিডিও কলে ওদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি।’

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার সেলিম মিয়ার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। গত চারটি ঈদ পরিবারের সদস্যদের ছাড়া কর্মস্থলে কাটিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ফেব্রুয়ারি মাসে বাড়ি গিয়ে রমজানের জন্য কেনাকাটা করে দিয়েছি। ঈদে পছন্দ করে প্রিয়জনদের কিছু কিনে দিতে পারিনি। বেতন ও বোনাস তুলে স্ত্রীর কাছে পাঠিয়েছি। সে বাবা, মা ও সন্তানদের নতুন কাপড় কিনে দিয়েছে। ঈদে প্রিয়জনের সান্নিধ্যে থাকতে মন কাঁদে। কিন্তু কী করব। মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে আমাদের প্রস্তুত থাকতে হচ্ছে।’

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার শ্যামল বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘গতকাল চাঁদরাত ছিল। গত রাতেও তিনটি অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের কাজ করতে হয়েছে। ঈদে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে, সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। তাই দুর্ঘটনার আশঙ্কাও বেশি থাকে। এ সময়ে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হয়। সহকর্মীরা ঈদে পরিবারের সদস্যদের কাছে যেতে পারেননি। এটাতে আমাদের সবার মন খারাপ। এভাবেই আবেগ-ভালোবাসা ও উৎসবের আনন্দ ফেলে আমরা রাষ্ট্রীয় দায়িত্ব-কর্তব্যে অবিচল থাকছি।’