
চট্টগ্রামের রাউজান উপজেলায় গোসল করতে নেমে খালের পানির স্রোতে তলিয়ে যাওয়ার আট ঘণ্টা পর এক যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর নাম মুহাম্মদ আবদুর রহিম (৩৭)। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি গ্রামের আবু জাফর চেয়ারম্যানের বাড়ির হৃদ খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আবদুর রহিমের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির কাছে হৃদ খালে গোসল করতে নামেন আবদুর রহিম। এ সময় স্রোতে ভেসে তলিয়ে যান তিনি। খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বেলা একটার দিকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি এসে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খালে অভিযান চালায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে তাঁর লাশ ভেসে ওঠে। এ সময় স্থানীয় বাসিন্দারা লাশ উদ্ধার করে নিয়ে আসেন।
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের নেতা টিটু কুমার বশাক প্রথম আলোকে বলেন, পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযান শেষ করে চলে যাওয়ার সময় লাশটি ভেসে ওঠে।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া বলেন, পারিবারিকভাবে রাতেই আবদুর রহিমের লাশ দাফন করা হয়েছে।