১৫ কেজির বোয়াল ও ১২ কেজির চিতল ৪২ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে একটি বোয়াল ও একটি চিতল ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়। মাছ ব্যবসায়ী শাহজাহান শেখের হাতে সেই চিতল মাছ। আজ সোমবার রাজবাড়ীর গোয়ালন্দে
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদী থেকে ধরা পড়া একটি বোয়াল ও চিতল মাছ ৪২ হাজার টাকায় বিক্রি হয়েছে। পাবনার ঢালার চর অঞ্চলের জেলেদের জালে ধরা পড়া মাছ দুটি আজ সোমবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে বিক্রির জন্য আনা হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ৪০ হাজার ৬০০ টাকায় কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৪২ হাজার টাকায় বিক্রি করে দেন।

স্থানীয় কয়েকজন জেলে বলেন, সোমবার দুপুরে পাবনার ঢালার চর এলাকার জেলে মঙ্গল হালদার তাঁর সঙ্গীদের নিয়ে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন। তাঁরা ঢালার চর এলাকায় জাল ফেলে ভাটিতে ভাসতে থাকেন। ভাসতে ভাসতে ঢালার চর সীমানা পেরিয়ে গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের বেতকা এলাকার পদ্মা ও যমুনা নদীর মোহনায় এসে জাল গুটিয়ে নৌকায় তোলেন। এ সময় বড় একটি বোয়াল মাছ দেখতে পান। এর কিছুক্ষণ পর আবার জাল ফেললে তাঁদের জালে এবার একটি বড় চিতল মাছ ধরা পড়ে। মাছ দুটি পেয়ে মঙ্গল হালদার ও তাঁর লোকজন খুশিতে আত্মহারা হন। পরে মাছ দুটি বিক্রির জন্য দুপুরেই নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। এ সময় স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বোয়াল ও চিতল মাছ দুটি কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সোহান-শাকিল মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ বলেন, ‘বেলা ১১টার পর গোয়ালন্দের সীমান্তবর্তী ও পাবনার ঢালার চর এলাকার শুরু এমন স্থানে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন জেলে মঙ্গল হালদার ও তাঁর লোকজন। প্রথম দফায় জাল গুটিয়ে দেখতে পান বড় একটি বোয়াল। কিছুক্ষণ পর নদীতে পুনরায় জাল ফেললে পান চিতল। মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে এলে সরাসরি জেলে মঙ্গল হালদারের কাছ থেকে কিনি। এ সময় ওজন দিয়ে দেখি বোয়ালটি ছিল ১৪ কেজি ৭০০ গ্রাম এবং চিতলটি ছিল ১২ কেজি ২০০ গ্রাম ওজনের।’

শাহজাহান শেখ আরও বলেন, ‘বোয়াল মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৩ হাজার ৫২০ টাকা দিয়ে কিনি। একই সঙ্গে ওই জেলের কাছ থেকে চিতল মাছটিও ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ১৭ হাজার ৮০ টাকায় কিনি। পরে মাছ দুটি নিজের আড়তঘরে এনে প্রক্রিয়াজাত করি। এ সময় ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর মুঠোফোনে যোগাযোগ করে কেজিতে ৫০ টাকা লাভে ৪২ হাজার টাকায় ঢাকায় পৌঁছে দেওয়ার বিনিময়ে বিক্রি করি। সোমবার বিকেলেই বোয়াল আর চিতল মাছ দুটি দূরপাল্লার পরিবহনে পাঠিয়ে দিই। বর্তমানে নদীতে পানি বাড়তে শুরু করেছে। এ সময় বিভিন্ন ধরনের বড় মাছ ধরা পড়বে।’

এর আগে গত শনিবার দুপুরে ফেরিঘাটের অদূরে বাহির চর দৌলতদিয়া কলারবাগান এলাকায় জেলেদের জালে ২৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়ে। পরে বাগাড়টি দৌলতদিয়া ফেরিঘাটে বিক্রির জন্য আনা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রায় ৩৭ হাজার টাকায় কিনে ঢাকার এক ব্যক্তির কাছে ৩ হাজার টাকা লাভে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন।