অবৈধভাবে বালু তুলছেন আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর, ভাঙছে মেঘনার পাড়

প্রশাসনের অনুমতি না থাকলেও খননযন্ত্র দিয়ে মেঘনা নদী থেকে অবাধে বালু তোলা হচ্ছে। গতকাল রোববার দুপুরে সরাইলের চরকাকরিয়া এলাকায়
ছবি: শাহাদৎ হোসেন

মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কিশোরগঞ্জের ভৈরব অংশ থেকে প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে নদীসংলগ্ন সরাইলের ১০টি এবং ভৈরবের ৫টি গ্রামের পাড় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভৈরব পৌরসভার এক কাউন্সিলর ও একজন আওয়ামী লীগ নেতা এই বালু তোলায় নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ স্থানীয় মানুষের।

সরেজমিন স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সরাইলের অরুয়াইল ইউনিয়নের চরকাকরিয়া ও কিশোরগঞ্জের ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর অংশ থেকে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তোলা হচ্ছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ছয় থেকে সাতটি খননযন্ত্রের মাধ্যমে প্রায় এক লাখ ঘনফুট বালু তোলা হচ্ছে, যার বাজারমূল্য ৮ থেকে ১০ লাখ টাকা।

স্থানীয় মানুষের অভিযোগ, মেসার্স মৌসুমি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ভৈরব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন ওরফে মিন্টু মিয়া। তিনি এবং ভৈরব উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ কে এম মোশারফ হোসেন ওরফে মুছা মিয়ার নেতৃত্বে একটি চক্র এই অবৈধ বালু তোলায় জড়িত। ব্রাহ্মণবাড়িয়ার প্রভাবশালী একটি মহলও এতে জড়িত। সবকিছু জানার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

জানতে চাইলে কাউন্সিলর মোশারফ হোসেন ও আওয়ামী লীগ নেতা এ কে এম মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, গত বছর তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার বীরগাঁও, বাইশমোজা ও লালপুর বালুমহালের ডাক পেয়েছিলেন। তাঁরা এই ব্যবসা থেকে বের হয়ে গেছেন। বালুমহালের ইজারার মেয়াদ শেষ হওয়ার পর বালু ব্যবসায় আর যাননি। স্থানীয় মানুষের অভিযোগ অস্বীকার করে তাঁরা দাবি করেন, স্থানীয় লোকজন না জেনেই অভিযোগ দিচ্ছেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক, সরাইল ও ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) জানিয়েছেন, মেঘনা নদীর সরাইল ও ভৈরবের অংশ থেকে বালু তোলার কোনো অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে সরাইলের ১০টি ও ভৈরবের পাঁচটি গ্রাম ভাঙনের কবলে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গতকাল মেঘনা নদীর সরাইলের আজবপুর গ্রামে

গতকাল রোববার আশুগঞ্জের মেঘনা নদীর পুরোনো ফেরিঘাট থেকে স্পিডবোটে করে ৪০ মিনিট যাওয়ার পর সরাইল উপজেলার চরকাকরিয়া অংশে ছয়টি খননযন্ত্র দিয়ে বালু তুলতে দেখা গেছে। উত্তোলন করা বালু একাধিক বড় স্টিলের নৌকায় রাখা হচ্ছে। খননযন্ত্রে থাকা একজন জানান, ভৈরবের মিন্টু মিয়া (মোশারফ হোসেন) বালু উত্তোলন করছেন। সেখানে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। বালু তোলার কাজটি স্পিডবোটে বসে তিনজন পাহারা দিচ্ছেন। ছবি তুলতে গেলে তাঁরা বাধা দেন। সেখান থেকে জোর করে তাড়িয়ে দেন।

অপরিকল্পিতভাবে বালু তোলায় সরাইলের মেঘনার পাড়ের দুবাজাইল, রাজাপুর, কাকরিয়া, চরকাকরিয়া, সিঙ্গাপুর, বরইচারা, আজবপুর, নতুনহাটি, পানীশ্বর ও নরসিংহপুর গ্রামের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। ভৈরবের কলাপাড়া, ভবানীপুর, মেন্দিপুর, সাদেকপুর, রইন্দাসহ বেশ কয়েকটি গ্রামেও একই অবস্থা।

সরাইলের মেঘনাপারের চুন্টা ইউনিয়নের আজবপুর বাজারে গিয়ে নদীর পাড়ের ভাঙন চোখে পড়ে। স্থানীয় মো. আবু হানিফ বলেন, দু–তিন বছরে আজবপুর গ্রামের ৮ কানি (৩০ শতকে ১ কানি) জমি ভেঙে নদীতে বিলীন হয়েছে। বালু তোলার কারণে ভাঙন অব্যাহত রয়েছে।

প্রতিদিন ছয় থেকে সাতটি খননযন্ত্রের মাধ্যমে প্রায় এক লাখ ঘনফুট বালু তোলা হচ্ছে, যার বাজারমূল্য ৮ থেকে ১০ লাখ টাকা

একই ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বাসিন্দা মিজান মিয়া। মেঘনা নদীর পাড়ে আজবপুর গ্রামে তাঁদের চারটি পরিবারের তিন কানি জমি রয়েছে। তিনি বলেন, তিন কানির মধ্যে এক থেকে দেড় কানি জমিই ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে।
গ্রামের স্থানীয় সাতজনের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, আজবপুর গ্রামের আবদুর রহমানের ৫ শতক, রেদওয়ান মিয়ার ১০ শতক, কাজী আনোয়ার হোসেনের ১৬ শতক, হাফিজ মোল্লার ৩০ শতক, ফজল ইসলামের ৩০ শতক জায়গা নদীগর্ভে চলে গেছে। মেঘনার পাড়ে থাকা মজনু মিয়ার ডকইয়ার্ডের ১৬ শতক জায়গার সবটুকু নদীতে চলে গেছে।

অরুয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল বাশারসহ স্থানীয় লোকজন বলেন, ভৈরব পৌরসভার কাউন্সিলর মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা মুছা মিয়াসহ ব্রাহ্মণবাড়িয়ার বালু ব্যবসায়ীরা মেঘনা নদী থেকে আশ্রয়ণ প্রকল্পের কথা বলে অবৈধভাবে বালু তুলছেন। প্রতিদিন এক লাখ ঘনফুট বালু তুলছেন তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণবাড়িয়ার এক বালু ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, মিন্টু মিয়া ও মুছা মিয়ার নেতৃত্বে বালু তোলা হচ্ছে।

সরাইলের ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীন প্রথম আলোকে বলেন, ভৈরবের আশ্রয়ণ প্রকল্পের জন্য এখান থেকে মাটি নিচ্ছে বলে জানতে পেরেছেন। তবে এর জন্য তাঁরা কোনো অনুমোদন নেননি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভৈরবের ইউএনও মোহাম্মদ সাদিকুর রহমান প্রথম আলোকে বলেন, মেঘনা থেকে বালু তোলার কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি। এ বিষয়ে ব্যবস্থা নিতে গতকাল বিকেলে মেঘনায় লোক পাঠানো হয়েছে। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে মেঘনার সরাইলের চরকাকরিয়া এবং ভৈরবের মেন্দিপুর থেকে বালু তোলা হচ্ছে বলে জানতে পেরেছেন। উপজেলা প্রশাসন জেনেও নীরব ভূমিকায় থাকার অভিযোগটি মোটেও সত্য নয়।

জানতে চাইলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বালু তোলার কোনো অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।