স্কুলগামী শত শত শিশু ঝুঁকি নিয়ে নির্মাণাধীন সেতুর পাশেই বাঁশ-কাঠের পাটাতন দিয়ে তৈরি সাঁকো দিয়ে চলাচল করছে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের মধ্যবর্তী মধুখালী খালের ওপর নির্মাণাধীন গার্ডার সেতুর দুই পাড়ের সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে রয়েছে এলাকার মানুষজন। কবে নাগাদ সংযোগ সড়কের কাজ শেষ হবে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেটিও নিশ্চিত করে জানাতে পারেনি।
স্থানীয় লোকজন জানান, মানুষজনকে উপজেলা সদরসহ পার্শ্ববর্তী হাটবাজারে এ পথ দিয়েই যেতে হয়। নির্মাণাধীন সেতুটির সংযোগ সড়ক না হওয়ায় মানুষজনের ভোগান্তির শেষ নেই। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বয়োবৃদ্ধ মানুষ। স্কুলগামী শত শত শিশু ঝুঁকি নিয়ে নির্মাণাধীন সেতুর পাশেই বাঁশ-কাঠের পাটাতন দিয়ে তৈরি সাঁকো দিয়ে চলাচল করছে। কাঠের পাটাতনের ওই সাঁকোটিও যেকোনো সময় ভেঙে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এলজিইডির উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে দরপত্র আহ্বান করে সেতুটির কার্যাদেশ দেওয়া হয়। দরপত্র অনুযায়ী ২০২০ সালের ডিসেম্বরে এর কাজ শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে দুই দফা সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে এর কাজ শেষ হওয়ার নির্দেশনা ছিল। এ সময়ের মধ্যেও কাজটি শেষ হয়নি। ৪৫ মিটার দৈর্ঘ্যের এ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা।
আন্ধারমানিক নদের শাখা এই মধুখালী খালের পশ্চিম পাড়ে মিঠাগঞ্জ ইউনিয়ন এবং পূর্ব পাড়ে বালিয়াতলী ইউনিয়ন। খালের দুই পাড়ে রয়েছে অন্তত ১৫টি গ্রাম। গত সোমবার দেখা গেছে, মধুখালী খালে গার্ডার সেতুর কাজ চলছে। গার্ডার বসানো হয়েছে। স্ল্যাবও বসানো হয়েছে। এখন বাকি আছে সংযোগ সড়কের কাজ। আগের রাস্তা থেকে নির্মাণাধীন সেতুটি অনেক উঁচু, সেখান থেকে রাস্তার সংযোগ স্থাপনের জন্য কিছু মাটি ফেলা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগে এখানে লোহার সেতু (আয়রন ব্রিজ) ছিল। লোহার কাঠামোর ওপর সিমেন্টের স্ল্যাব ছিল। ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি সেতুটির স্ল্যাব আকস্মিকভাবে ভেঙে পড়ে। এ সময় আনেচ প্যাদা নামে এক কৃষক সেতুটি দিয়ে পার হচ্ছিলেন। তিনি সেতুর নিচে পড়ে মারা যান। আহত হন আরও চারজন। এরপর চলাচলের জন্য স্থানীয় লোকজন বিধ্বস্ত সেতুর লোহার কাঠামোর ওপর কাঠের পাটাতন বিছিয়ে অস্থায়ী ভিত্তিতে চলাচল করেন। উপজেলা প্রশাসন মানুষজনের দুরবস্থা দেখে এলজিইডির সহায়তায় এখানে নতুন করে একটি সেতু তৈরি করার উদ্যোগ নেয়। গার্ডার সেতু নির্মাণকাজ শুরু হলে আগের সেতুর লোহার কাঠামো সরিয়ে নেওয়া হয়। এর ফলে মানুষ চলাচল করতে একটি সাঁকো নির্মাণ করে।
মো. আবুল কালাম নামের একজন বলেন, ‘আমরা কত যে কষ্টে আছি, হ্যাতো আমনেরা নিজ চোখেই দ্যাখলেন। ব্রিজ কইর্যা ফালাইয়া রাখছে, কিন্তু সংযোগ সড়কটা করছে না। এইয়া লইয়া কইতে কইতে আমরা অ্যাহন ক্লান্ত হইয়া গেছি।’
মো. মাসুদুর রহমান নামে একজন বলেন, ‘নির্মাণাধীন এই সেতুর মূল কাজ শেষ হয়েছে অন্তত ছয় মাস আগে। দুই পাশের সংযোগ সড়কের জন্য কিছু বালু-মাটিও ফেলা হয়েছে। কিন্তু আরও মাটি ফেলে সংযোগ সড়কটির কাজ শেষ করা দরকার। ঠিকাদার কেন করছেন না, তা বুঝতে পারছি না।’
এ ব্যাপারে জানতে চাইলে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল বারী বলেন, লার্জ ব্রিজ কনস্ট্রাকশন (এলভিসি) প্রকল্পের আওতায় এই গার্ডার সেতুর কাজ চলছে। এখন বাকি আছে সংযোগ সড়কের কাজ। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এ নিয়ে ঠিকাদারকে কয়েক দফা চিঠি দিয়েছেন বলেও জানান প্রকৌশলী।
ঠিকাদার বাদল শরীফ গত মঙ্গলবারপ্রথম আলোকে বলেন, ‘আসলে সেতুটি প্রথম যে পয়েন্টে হওয়ার কথা ছিল, তা হয়নি। জায়গা নিয়ে জটিলতায় এ সমস্যা হয়েছে। আমাদের মালামাল আগের জায়গায় এনে রাখা হয়েছিল। পরে নির্ধারিত পয়েন্ট থেকে সরিয়ে সেতুটি করতে হয়েছে। এতে মালামাল পরিবহনসহ কিছু ভোগান্তি হয়েছে। এ কারণে সংযোগ সড়কের কাজ শেষ করতে বিলম্ব হয়েছে। আমরা ১৫ দিনের মধ্যে এর সংযোগ সড়কসহ যাবতীয় কাজ সম্পন্ন করে দেব।’