গর্তে জমে থাকা পানিতে পড়ে তিন ভাইবোনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় গর্তে জমে থাকা পানিতে পড়ে তিন ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের জিয়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো ইটবাড়িয়া গ্রামের অটোরিকশাচালক সোহেল ফকিরের ছেলে রুমান (৭), মেয়ে শারমিন (৫) ও সোহেলের ভাই রুবেল ফকিরের মেয়ে মরিয়ম (৮)।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মা–বাবা ঘরে না থাকায় দাদি শেফালি বেগমের কাছেই ছিল তিন ভাইবোন। আজ দুপুরে বাড়ির পাশে তিন ভাইবোন খেলতে বের হয়। জিয়া কলোনি এলাকায় বাঁধ নির্মাণের জন্য গর্ত করে মাটি কাটা হয়েছে। এসব গর্তে পানি জমেছে। খেলতে গিয়েই ওই তিন শিশু বাড়ির পাশের একটি গর্তে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

টিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় এক ব্যক্তি গরুকে পানি খাওয়ানোর জন্য গর্তে জমে থাকা পানি তুলতে যান। এ সময় গর্তের পানিতে প্রথমে এক শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। তিনি দ্রুত ওই শিশুকে পানি থেকে তুলতে গেলে ডুবন্ত অবস্থায় আরও দুই শিশুকে দেখতে পান। তাৎক্ষণিক তাঁর ডাকচিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তিন ভাইবোনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

শাখাওয়াত হোসেন বলেন, একই পরিবারের তিন শিশুর মৃত্যু একটি মর্মান্তিক ঘটনা। এলাকার সবাই এমন ঘটনায় শোকাহত হয়ে পড়েছে।

খবর পেয়ে কলাপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার উপপরিদর্শক মো. হুমায়ুন কবীর।