মৌলভীবাজার সদর

সেচের অভাবে অনাবাদি হাজার একর জমি

  • খালের গোয়ালিকাড়ায় একটি জলকপাট স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা

  • অথবা রসুলপুর গ্রামের খালের সঙ্গে সংযুক্ত করা গেলে পানির সরবরাহ মিলতে পারে।

মৌলভীবাজার জেলার মানচিত্র

মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদীঘি হাওরাঞ্চলে প্রায় এক হাজার একর জমি অনাবাদি পড়ে আছে। পানি সংরক্ষণ ও সেচ–সুবিধা না থাকায় এসব পতিত জমিতে চাষাবাদ করা যাচ্ছে না। অথচ এসব জমির পাশ দিয়ে বয়ে গেছে লাছগাঙ খাল। যাঁরা বোরো ধানের চাষ করছেন, তাঁদের হাজার টাকা খরচ করে প্লাস্টিকের পাইপ টেনে খেতে পানি নিয়ে যেতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, এই খালের গোয়ালিকাড়ায় একটি জলকপাট (স্লুইসগেট) স্থাপন করা হলে অথবা সেচের জন্য বিকল্প ব্যবস্থা করা গেলে খালের দুই পারের জমিতে সহজে চাষাবাদ করা সম্ভব হতো।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লাছগাঙটি সদর উপজেলার বলিয়ারভাগ থেকে শুরু হয়ে কাউয়াদীঘি হাওরের ফাটাসিংগা বিলের উজানে গিয়ে মিশেছে। এটি প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ। কাউয়াদীঘি হাওর এলাকায় লাছগাঙের দুই পারে সদর উপজেলার একাটুনা ও আখাইলকুড়া ইউনিয়নের বড়কাপন, রসুলপুর, রায়পুর, বানেশ্রী, পাড়াশিমইল, কান্দিগাঁও, সানন্দপুর, জগৎপুর, দুর্গাপুর, বুড়িকোনা, বিরইমাবাদ, খৈশাউড়া, করমউল্লাহপুরসহ প্রায় ২০টি গ্রামের মানুষের জমিজমা রয়েছে।

লাছগাঙের ফাটাসিংগা-সংলগ্ন এলাকায় পানির সংকট হচ্ছে না। কিন্তু উজানের দিকে প্রতিবছরই প্রায় এক হাজার একর জমি পতিত পড়ে থাকছে।

লাছগাঙের নিচের দিকে ফাটাসিংগা-সংলগ্ন এলাকার জমিগুলোতে বোরো চাষ করতে পানির সংকট হচ্ছে না। কিন্তু খালটির উজানের দিকে সেচসংকটের কারণে প্রতিবছরই প্রায় এক হাজার একর জমি পতিত পড়ে থাকছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, খাল থেকে জমিতে পানি আনা ব্যয়বহুল। বোরো চাষের প্রথম দিকে সেচের চাহিদা কম থাকে। কিন্তু ফাল্গুন মাস শুরু হলে সেচের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। চলতি বোরো মৌসুমেও সেচসংকটে কৃষকদের ভোগান্তি দেখা গেছে। অনেকে সেচপাম্পের মাধ্যমে লাছগাঙ থেকে প্লাস্টিকের পাইপ দিয়ে দুই-আড়াই হাজার ফুট দূরের খেতে পানি এনেছেন। তবে খরার হাত থেকে ফসল রক্ষা করতে তাঁদের বাধ্য হয়ে এই বাড়তি খরচ করতে হচ্ছে।

রসুলপুর গ্রামের কৃষক পারভেজ মিয়া বলেন, তিনি এবার পাঁচ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। পাম্প দিয়ে সেচ দিতে দিতে এখন ক্লান্ত হয়ে গেছেন। তেলের যে দাম, এখন সেচ দেওয়াটা অনেক খরচের বিষয়। এভাবে ধানের আবাদ করে লাভ করা যাবে না।

স্থানীয় বাসিন্দারা বলেন, কাউয়াদীঘি হাওরের লাছগাঙের গোয়ালিকাড়ায় একটি জলকপাট স্থাপনের দাবি জানিয়ে আসছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইটা ইসলামি সমাজকল্যাণ সংস্থা। ২০১৫ সাল থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)–সহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

পাউবোর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও গোয়ালিকাড়া এলাকা পরিদর্শন করেছেন। সর্বশেষ গত ২৮ মার্চ পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবালের নেতৃত্বে একটি দল গোয়ালিকাড়া এলাকা পরিদর্শন করে জলকপাট স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেছে।

হাওরপারের ১৫ থেকে ২০টি গ্রামের কৃষকের স্বার্থে জলকপাট স্থাপন করা দরকার।
রাজন আহমদ, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, জলকপাট না করতে পারলে একটি বিকল্প সেচব্যবস্থাও করা যায়। এ ক্ষেত্রে মনু নদ সেচ প্রকল্পের এমআর-২ সেচ খাল থেকে একটি খাল রসুলপুর গ্রামের খালের সঙ্গে সংযুক্ত করা গেলে বোরো মৌসুমে হাওরের পতিত জমিতে পানির সরবরাহ মিলতে পারে।

হাওর রক্ষা সংগ্রাম কমিটির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজন আহমদ বলেন, ‘পানির অভাবে প্রায় হাজার একর জমি প্রতিবছরই পতিত থাকে। হাওরপারের ১৫ থেকে ২০টি গ্রামের কৃষকের স্বার্থে প্রায় ১০ বছর ধরে আমরা লাছগাঙে একটি জলকপাট স্থাপনের দাবি জানিয়ে আসছি। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত দাবি জানিয়েছি। মানববন্ধন করেছি। এখনো দৃশ্যমান কিছু হয়নি।’

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল গত মঙ্গলবার বলেন, যে স্থানের জমিতে কৃষকেরা সেচ দিতে পারছেন না, সেই স্থানটি অনেক উঁচু। সেখানে জলকপাট করা যাবে না, করলে আরও উঁচুতে করতে হবে। জলকপাট করাও সময়সাপেক্ষ বিষয়। তবে বিকল্প হিসেবে এমআর-২ খালটাকে খনন ও দীর্ঘ করে পতিত জমির কাছাকাছি নেওয়া যাবে। পতিত জমির অর্ধেকও যদি চাষ করতে পারে, তাতেও অনেক লাভ।