ব্যবসায়ী অনেককেই শুয়েবসে আড্ডায় সময় কাটাতে দেখা গেছে। কেউ কেউ বিকেল হওয়ার আগেই দোকান বন্ধ করে বাসায় ফিরেছেন।

বড় উৎসবের আগে সাধারণত ক্রেতা–দর্শনার্থীর ভিড় বাড়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া বিসিক জামদানিশিল্প নগরীতে। সরাসরি তাঁত থেকে জামদানি সংগ্রহের পাশাপাশি জামদানি তৈরির পুরো প্রক্রিয়া ঘুরে দেখেন ক্রেতারা। এ বছর একেবারেই ভিন্ন চিত্র। নববর্ষ ও ঈদ ঘনিয়ে এলেও প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না জামদানিশিল্প নগরীর ব্যবসায়ীরা।
২০০১ সালে শুরু হওয়া বিসিক জামদানিশিল্প নগরীতে ৪০০ প্লটে দেড় হাজারের বেশি তাঁত রয়েছে। এসব তাঁতে তৈরি হওয়া জামদানি বিক্রির জন্য নগরীর ভেতরেই রয়েছে বেশ কিছু বিক্রয়কেন্দ্র। গত মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব বিক্রয়কেন্দ্র ঘুরে তেমন কোনো ক্রেতা চোখে পড়েনি। ব্যবসায়ীদের অনেককেই শুয়েবসে আড্ডায় সময় কাটাতে দেখা গেছে। কেউ কেউ অলস বসে না থেকে বিকেল হওয়ার আগেই দোকান বন্ধ করে বাসায় ফিরেছেন।
তানজীহ জামদানি ওয়েভিং ফ্যাক্টরি জামদানিশিল্প নগরীর প্রবেশমুখের একটি দোকান। বিকেলে দেখা যায় বিক্রেতা মো. এমদাদুল দোকানের ভেতরে শুয়ে আছেন। তাঁর পাশেই চেয়ারে শুয়ে আছেন বিসমিল্লাহ জামদানি হাউসের মালিক মো. আসিফ। এই প্রতিবেদককে তাঁরা জানান, বৈশাখ ও ঈদ কাছাকাছি সময়ে হওয়ায় রোজার প্রথম ১৫ দিনেই সবচেয়ে বেশি বিক্রি হবে ধারণা ছিল তাঁদের। কিন্তু বাস্তবের চিত্র ধারণার সঙ্গে একবারেই মেলেনি।
জামদানি নগরীর সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন সাফওয়ান জামদানি ওয়েভিং ফ্যাক্টরির মো. শাহিন। ঈদের আগে কেনাবেচার অবস্থা জানতে চাইলে বলেন, ‘স্বাভাবিক সময়ে মাসে ১৫ লাখ টাকার মতো বেচাকেনা হয়। ঈদে তা বেড়ে দাঁড়ায় ২৫ থেকে ৩০ লাখে। এ বছর রোজার প্রথম ১৮ দিনে পাঁচ লাখ টাকার মতো বিক্রি হয়েছে। বৈশাখ চলে গেলে বিক্রি আরও কমে যায় কি না সে ভয় পাচ্ছি।’ শাহিন জানালেন, ঢাকার বাজারে মোটামুটি চাহিদা আছে। অনলাইনেও কিছু বেচাকেনা হচ্ছে। তবে তা অন্যান্য বছরের তুলনায় অনেক কম।
বেচাকেনা না থাকায় দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন জামদানি ব্যবসায়ী। আজগর আলী ও নজরুল ইসলাম তাঁদের দুজন। তাঁদের দাবি, সুতার দাম বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরে জামদানির দামও বেড়েছে। ঢাকার বাজারে থাকা ভারতীয় মেশিনে বোনা কম মূল্যের নকল জামদানির কারণে ক্রেতারা বেশি দরের আসল জামদানির দিকে কম ঝুঁকছেন। তা ছাড়া দ্রব্যমূল্যের বাড়তি বাজারদরের সঙ্গে খাপ খাওয়ানোর পর ইচ্ছা থাকলেও অনেকে পছন্দের জামদানি কিনতে পারছেন না।
নগরীর বিক্রয়কেন্দ্রগুলোতে ক্রেতা না থাকলেও ব্যস্ততা কমেনি জামদানিশিল্পীদের। ওই এলাকার তাঁতগুলোতে ঘুরে উৎসবের কর্মব্যস্ততা দেখা গেছে। দিনরাত এক করে লাল, নীল, হলুদ বেগুনিসহ নানান রঙের মিশ্রণে সূক্ষ্ম সুতায় ঐতিহ্যের নকশা বুনছেন জামদানি তাঁতিরা।
২ নম্বর গলির সেলিম জামদানি ওয়েভিং ফ্যাক্টরিতে কথা হয় জামদানিশিল্পী আলী মোহাম্মদ ও তাঁর সাগরেদ শাহ আলমের সঙ্গে। দুজন মিলে ৮০ কাউন্ট সিল্কের সুতায় নীল জমিনে সোনালি–সাদায় পানশি নকশা বুনছিলেন। ঈদের ব্যস্ততা কেমন জানতে চাইলে মাকু আর কান্ডুলেফোঁড় তুলতে তুলতেই কথা বলেন আলী। বলেন, তাঁরা মূলত ঢাকার দোকানগুলোতে জামদানি সরবরাহ করেন। সারা বছরই কাপড়ের চাহিদা থাকে। ঈদের আগে সেই চাহিদা কিছুটা বেড়েছে। ৮০ কাউন্টের একটি শাড়ি বুনতে যেখানে ১৫ দিন সময় লাগে, সেখানে তাঁরা বাড়তি সময় দিয়ে ১৩ দিনে শেষ করছেন।
নোয়াপাড়ার বাইরে রূপগঞ্জের তারাব পৌরসভা, সোনারগাঁর সাদিপুর, কাঁচপুর, জামপুর ও সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গ্রামগুলোতেও চলছে তাঁতিদের কর্মব্যস্ততা। রঙিন সুতার সঙ্গে দক্ষ হাতের ছোঁয়ায় হরেক নকশায় শিল্পীরা তৈরি করছেন বাংলাদেশের প্রথম জিআই পণ্য ঐতিহ্যের জামদানি।
জামদানিশিল্প নগরী কর্মকর্তা বায়েজিদ হোসেন জানান, ফুল তেরছি, ছিটার তেরছি, ছিটার জাল, সুই জাল, হাঁটুভাঙা তেরছি, ডালিম তেরছি, পার্টির জাল, পান তেরছি, গোলাপ, জুঁই, শাপলা, মদন পাইরসহ শতাধিক নকশার জামদানি হয়। এবারের উৎসবে জামদানি নগরীতে আড়াই হাজার থেকে শুরু করে আড়াই লাখ টাকার জামদানি বোনা হয়েছে। নকশা ও সুতার ভিন্নতার ওপর এসব শাড়ির দাম নির্ভর করে। বৈশাখ ও ঈদকে কেন্দ্র করে দেশের বাজারের পাশাপাশি বিদেশেও জামদানি রপ্তানি হচ্ছে।