রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা পাইরোলাইসিস কোম্পানির কারখানায় বয়লার বিস্ফোরণে দুজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা পাইরোলাইসিস কোম্পানির কারখানায় বয়লার বিস্ফোরণে দুজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে

গোয়ালন্দে কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

রাজবাড়ীর গোয়ালন্দে ফার্নেস অয়েল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ দুই শ্রমিক হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সোহেল রানা (২৪) ও মৌলভীবাজারের জুড়ী উপজেলার শাওন মুন্ডা (১৬)। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামের প্রতিষ্ঠানটিতে ফার্নেস অয়েল, ব্ল্যাক কার্বন ও স্টিলের তার তৈরি করা হয়। প্রতিদিনের মতো কারখানার শ্রমিকেরা বয়লারের মধ্যে টায়ার পোড়ানোর কাজ করছিলেন। সকাল ১০টার দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরিত হয় এবং দুজন শ্রমিক অগ্নিদগ্ধ হন। কারখানার শ্রমিক ও এলাকাবাসী ওই দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে জানতে কারখানার দায়িত্বরত ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করলেও তাঁর ভাষ্য পাওয়া যায়নি। ব্যবস্থাপকের অনুপস্থিতিতে কারখানার দেখভালের দায়িত্বে থাকা গোয়ালন্দের আব্দুর রাজ্জাক মুঠোফোনে বলেন, ‘দগ্ধ দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় পাঠিয়েছি। তাঁরা এখন আগের থেকে ভালো আছেন।’

অভিযোগ রয়েছে, কারখানাটির লাইসেন্সের মেয়াদ অনেক আগে শেষ হলেও এখনো তা নবায়ন করা হয়নি। এ ছাড়া টায়ার পোড়ানোর কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর থেকে অনুমোদন নিয়ে কারাখানাটি গড়ে উঠলেও শর্ত ভঙ্গ করা হচ্ছে।

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের রাজবাড়ীর পরিদর্শক ইমরান হোসেন বলেন, কারখানার লাইসেন্স ২০২৫ সালের আগস্টে মেয়াদ শেষ হয়েছে। কারখানা কর্তৃপক্ষ লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে। কিছু কাগজপত্রের ঘাটতি থাকায় এখনো নবায়নের কাজ শেষ হয়নি।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে এর আগেও কারখানাটিতে পুরোনো টায়ার পুড়িয়ে পরিবেশদূষণসহ নানা ধরনের শর্ত ভঙ্গের অভিযোগ রয়েছে। এ ছাড়া লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টির সর্বশেষ অবস্থা জানতে পরিবেশ অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।’  

ইউএনও আরও বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর জেনেছি দুজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা খোঁজখবর রাখছি। প্রয়োজনে দ্রুত কারখানায় অভিযান পরিচালনা করা হবে।’