জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ প্রশাসনিক পদে রদবদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রশাসনিক পদে রদবদল হয়েছে। গতকাল সোমবার প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত একাধিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিগুলোয় জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালকের পদ থেকে অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগমকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে গণিত বিভাগের অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহকে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। আর বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে তিনি ওই পদের ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এ দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অধ্যাপক আলমগীর কবিরের তিন বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় তাঁকে পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজাকে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। টিএসসির অতিরিক্ত পরিচালক পদে ছিলেন অধ্যাপক জেবউন্নেসা। তাঁকে অব্যাহতি দিয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হাবীবকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নওয়াব ফয়জুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাহিদ হকের মেয়াদ তিন বছরের বেশি হওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ওই হলের নতুন প্রাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আয়েশা সিদ্দিকার নিয়োগের মেয়াদ তিন বছরের বেশি হওয়ায় তাঁকে অব্যাহতি দিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম খন্দকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তাঁরা এই পদে দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।