
প্রায় সাত বছর ধরে পাবনার বেড়া উপজেলার টিফিনের টাকা জমিয়ে দরিদ্রদের মধ্যে ঈদের উপহারসামগ্রী বিতরণ করে আসছেন শিক্ষার্থীরা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবারও তাঁরা এলাকার নিম্ন আয়ের মানুষদের চাল, ডাল, চিনিসহ ৯ রকমের ঈদসামগ্রী বিতরণ করেন। বুধবার বেলা ১১টার দিকে বেড়া পৌর এলাকার সান্ডিয়ালপাড়া মহল্লার ঈদগাহ মাঠে ৬০০ দরিদ্র পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ঈদসামগ্রী বিতরণের কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাঁদের সংগঠনের নাম দিয়েছেন ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’। তাঁদের এবারের আয়োজনে অবশ্য বেড়া উপজেলা প্রশাসন ও বেড়া পৌরসভার সহায়তার পাশাপাশি সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষীদের অর্থায়ন ছিল। পবিত্র ঈদুল আজহার উপহার হিসেবে ‘দুই টাকায় আমেজ’-এর আয়োজন করেন তাঁরা। এতে দুই টাকা প্রতীকী মূল্যে দরিদ্রদের চাল, ডাল, আটা, চিনি, সেমাই, আলু, পেঁয়াজ, সাবানসহ ৯ ধরনের পণ্য দেওয়া হয়।
বেড়া পৌর এলাকার মৈত্রবাঁধা মহল্লার পিয়ারা খাতুন বলেন, ‘ঈদের সময় সেমাই, চিনি, চালসহ নানা জিনিসপত্র পায়া ভালো লাগত্যাছে। এগুলো না পালি হয়তো কেনাই হইত না।’
শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের সভাপতি মেহেরাব হোসেন বলেন, ‘সবার সহযোগিতা পাই বলেই আমরা বারবার এ ধরনের কর্মসূচির আয়োজন করতে পারি। ছয়-সাত বছর ধরে প্রতি ঈদেই আমরা এলাকার নিম্ন আয়ের মানুষদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করছি। এতে তাঁদের কিছুটা হলেও উপকার হচ্ছে।’
ঈদসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. সবুর আলী, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম, বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্থানীয় শিক্ষক আবদুল বারী প্রমুখ।
সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার সান্ডিয়ালপাড়া ঈদগাহ মাঠে বাজারের আদলেই তৈরি করা হয় স্টল। প্যান্ডেলের নিচে বানানো সেই স্টলের টেবিলে থরে থরে সাজানো আটা, ডাল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, সাবানসহ ৯ রকমের পণ্য। সেখানে আসা নারী-পুরুষদের এসব পণ্য পর্যায়ক্রমে তুলে দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
শেখপাড়া মহল্লার রেখা খাতুন বলেন, ‘পরায় (প্রায়) ঈদেই এই বাবারা আমাগরে ঈদ উপহার দিতেছে। এই উপহার আমাগরে খুব উপকারে লাগে।’
বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস বলেন, ‘বেড়ার এই শিক্ষার্থীরা কয়েক বছর ধরে দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দীর্ঘদিন ধরে তারা যেভাবে সহায়তা কর্মসূচি চালিয়ে আসছে, তা সত্যিই অসাধারণ একটি ব্যাপার।’
ইউএনও মোহা. সবুর আলী বলেন, ‘মানবসেবার অনন্য নজির স্থাপন করেছেন শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের শিক্ষার্থীরা। তাঁদের এমন মানবিক কর্মসূচি দেশের অন্য এলাকার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।’
প্রায় আট বছর আগে সরকারি বেড়া বিপিন বিহারী উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী মিলে গঠন করেন ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’। তাঁরা টিফিনের টাকা বাঁচিয়ে অসহায়দের সহায়তা দেওয়া শুরু করেন। মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে তাঁদের কাজে মুগ্ধ হয়ে এখন অনেক সচ্ছল ও ধনাঢ্য ব্যক্তি তহবিলে অর্থসহায়তাসহ বিভিন্ন সামগ্রী দিচ্ছেন।