পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

টেকনাফে ইটভাটার পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে আশ্রয়শিবির–সংলগ্ন ইটভাটার পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত দুই শিশু হলো আশ্রয়শিবিরের আই ব্লকের বাসিন্দা আবদুল কাশেমের ছেলে নূর হাসিম (১০) ও একই আশ্রয়শিবিরের বাসিন্দা সালামের ছেলে মোহাম্মদ রাশেদ (৭)। প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন।

আশ্রয়শিবিরের আই ব্লকের হেড মাঝি (নেতা) গুরা মিয়া বলেন, নূর হাসিম ও মো. রাশেদ নামের দুই রোহিঙ্গা শিশু পার্শ্ববর্তী এলাকার ইটভাটার পুকুরে গোসল করতে গেলে অসতর্কতার কারণে পানিতে তলিয়ে যায়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এর কার্যালয়ের ক্যাম্প-২৬ এবং নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প ইনচার্জ (যুগ্ম সচিব) মো. আবদুল হান্নান বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবিরের পার্শ্ববর্তী ইটভাটার পুকুরে গোসল করতে গেলে দুজন রোহিঙ্গা শিশু পানিতে ডুবে যায়। একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও অপরজনকে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।