রংপুরের পীরগাছা উপজেলার কুঠিপাড়া গ্রামের আমিরুন নেছার বয়স এখন ৭০ ছুঁই ছুঁই। একসময় ঘর ছিল। স্বামী ছিল। ছিল সুখের সংসার। স্বামী মারা যাওয়ার পর ভাগ্যে বিপর্যয় নেমে আসে। মাথাগোঁজার কোথাও ঠাঁই হয়নি। আশ্রয় জোটেনি দুই মেয়ের সংসারেও। বার্ধক্য ও অসুস্থতার কারণে কাজ করতে পারেন না। অনাহারে–অর্ধাহারে কাটে কিছুদিন। দুঃসময়ে স্বজনেরাও হয়ে যায় অচেনা। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার কুঠিপাড়া গ্রামে।
অবশেষে এই বৃদ্ধার ঠাঁই হয় বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের জোয়ানপুর গ্রামে বেসরকারিভাবে পরিচালিত সোনাভান বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে (বৃদ্ধাশ্রম)। প্রায় তিন বছর ধরে এই বৃদ্ধাশ্রমে আছেন আমিরুন নেছা। এখন স্বজনদের কেউ খোঁজ নেন না তাঁর। তিনিও স্বজনদের ভুলে থাকার চেষ্টা করেন। তবে ঈদের মতো উৎসব এলে দুই মেয়ের কথা খুব মনে পড়ে যায়। এবারও দুয়ারে কড়া নাড়ছে ঈদ। ঈদ যত ঘনিয়ে আসছে, আমিরুনের মন ততটা বিষণ্ন হয়ে উঠছে।
আমিরুন নেছার মতোই বর্ণহীন ঈদ সোনাভান বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই নেওয়া কুড়িজন বয়স্ক নারী ও পুরুষের।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর উপজেলার জোয়ানপুর সোনাভান বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ভেতরে গিয়ে কথা হয় আমিরুন নেছার সঙ্গে। তিনি বলেন, ‘একসময় সংসার, স্বামী-সন্তান সব ছিল। এখন ঠিকানাহারা। সোনাভানই এখন ঠিকানা। দুই মেয়ে, কেউ খোঁজ নেয় না। ঈদ আসলেই ওদের কথা খুব মনে পড়ে। তবু মন থেকে চাওয়া ওরা ভালো থাক, সুখে থাক।’
একসময় পোশাককর্মী ছিলেন গাজীপুরের সফুরা বেগম (৬৫)। দুর্ঘটনায় অচল হওয়ার পর চাকরি হারান। এরপর স্বজনদের কাছে বোঝা হয়ে পড়েন। তিন বছর আগে তাঁর মেয়ে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বগুড়ায় এনে সোনাভান বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রেখে যান। এরপর আর কোনো দিন খোঁজ নেননি।
সফুরা বেগম বলেন, ‘মানুষ মারা যাওয়ার পরও স্বজনেরা মনে রাখে। কিন্তু আমার খোঁজ কেউ নেয় না। কেউ যোগাযোগ করে না। ঈদের দিন মেয়েটার কথা খুব মনে পড়ে। কিন্ত আমার কথা কারও মনে পড়ে না।’
পুনর্বাসন কেন্দ্রের সবচেয়ে বয়স্ক বাসিন্দার নাম কোরবান আলী। বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার দড়িমুকুন্দ গ্রামে। কোরবান আলী বলেন, ‘একসময় ব্যবসা করতাম। বাড়িতে ছেলেমেয়ে, স্ত্রী সবাই আছে। কিন্তু অ্যাজমার সমস্যার কারণে মাসে দুই হাজার টাকার ওষধু লাগে। স্বজনদের কাছে একসময় বোঝা হয়ে যাই। বছর দেড়েক আগে এই বৃদ্ধাশ্রমে এসে ঠাঁই হয়। এখন স্বজনেরা কেউ খোঁজ নেন না। ঈদ উৎসব ঘনিয়ে আসায় বাড়ির কথা, স্বজনদের কথা খুব মনে পড়ছে।’
সারিয়াকান্দি উপজেলার বাগবেড় গ্রামের বাদশা প্রামাণিকের বয়স ১০০ ছুঁই ছুঁই। বাড়িতে দুই ছেলে ও দুই মেয়ে। বার্ধক্যের কারণে একসময় স্বজনদের কাছে বোঝা হয়ে পড়েন। বাধ্য হয়ে এই বৃদ্ধাশ্রমে এসে আশ্রয় নেন। এখন স্বজনদের কেউ খোঁজ নেন না। বৃদ্ধাশ্রমই এখন শেষ ঠিকানা।
শেরপুর উপজেলার খোন্দকারটোলার সালেহা বেগমের বয়স এখন ৬৫ বছর। বিয়ে না করে ছিলেন চিরকুমারী। এখন স্বজন বলতে কেউ নেই। ছয় বছর আগে ঠাঁই হয়েছে এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে।
সালেহা বেগম বলেন, ‘একসময় আপনজন ছিল। এখন কেউ খোঁজ নেয় না। এখানে সবাই পরিবারের মতোই থাকি। ঈদের দিনে স্বজনদের কথা খুব মনে পড়ে। কিন্তু স্বজনদের শুধু মনে পড়ে না।’
খোঁজ নিয়ে জানা যায়, সোনাভান বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় হয়েছে ১৩ জন বয়স্ক নারী এবং সাতজন বৃদ্ধ পুরুষের। কেউ এখানে ছয় বছর ধরে, আবার কেউ দু-তিন বছর ধরে আছেন। ঈদের খুশি তাঁদের কাছে বর্ণহীন, সাদামাটা।
সোনাভান বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়াপ্রবাসী অবসরপ্রাপ্ত মেরিন ইঞ্জিনিয়ার মজিদ খান। তাঁর বাড়ি ধুনট উপজেলার আওলাকান্দি গ্রামে। ২০১৭ সালে শেরপুরের জোয়ানপুর গ্রামে তিনি তাঁর মায়ের নামে এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। প্রবাসে থেকেও দাতব্য প্রতিষ্ঠান হিসেবে তিনি এটি পরিচালনা করছেন।
সোনাভান বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের উপসহকারী মেডিকেল কর্মকর্তা বিজন কুমার পাল বলেন, বয়সের ভারে ন্যুজ এবং স্বজনদের অবহেলার শিকার বৃদ্ধ নারী ও পুরুষকে এই কেন্দ্রে পুনর্বাসন করা হয়েছে। দাতব্য প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত এই কেন্দ্রে পারিবারিক আবহে বিনা মূল্যে থাকা-খাওয়া ছাড়াও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে। এখানকার বাসিন্দাদের দেখভাল করার জন্য সাতজন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। ঈদের দিনে এখানকার সদস্যদের জন্য সকালে সেমাই, পায়েস ছাড়াও খিচুড়ি, ডিম এবং দুপুরের খাবার হিসেবে ঈদ উপলক্ষে বিরিয়ানি, খাসির রেজালা ও দই পরিবেশন করা হবে। দাতব্য এই প্রতিষ্ঠানে যে কেউ সহযোগিতাও করতে পারেন।