
হবিগঞ্জের মাধবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মাধবপুরের ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে আরিফ (১৯) ও পলাশ উদ্দিনের ছেলে লিটন (২০)। দুর্ঘটনায় রনি নামের একজন গুরুতর আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল রাত ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন মাধবপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর ওভারব্রিজ এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে আরিফ ও লিটন মারা যান। আহত রনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।