
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান ছাপা হওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সূচিটিতে বিভাগের সভাপতি অধ্যাপক রকিবা নবীর সইও ছিল।
বিভাগ সূত্র জানায়, গতকাল রোববার পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই স্লোগানটি ছাপা থাকার বিষয়টি নজরে এলে সেটি বাতিল করে স্লোগানবিহীন নতুন সূচি শিক্ষার্থীদের দেওয়া হয়। আজ সোমবার বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
সময়সূচি পর্যালোচনা করে দেখা যায়, দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচির ওপরের মধ্যভাগে বিশ্ববিদ্যালয়ের লোগোর নিচে স্লোগানটি লেখা ছিল। এতে উল্লেখ ছিল, আগামী ২০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। সূচি প্রকাশের তারিখ হিসেবে ‘২৯ মার্চ ২০২৫’ লেখা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, প্রথমে স্লোগানসংবলিত সূচিটি দেওয়া হলেও পরে নতুন সূচি দেওয়া হয়। তিনি বলেন, ‘এ ধরনের স্লোগান থাকা আমরা নেতিবাচকভাবে দেখছি। তবে এ কারণে পরীক্ষার কোনো বিঘ্ন ঘটুক, সেটিও আমরা চাই না।’
জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক রকিবা নবী বলেন, ‘স্লোগানসংবলিত প্যাডটি আগে থেকেই বাতিল করা হয়েছিল। ঈদের ছুটির পর ব্যস্ততার মধ্যে অফিস থেকে দ্রুত প্রিন্ট করা কাগজে আমি ভালোভাবে না দেখে সই করি। পরে শিক্ষার্থীদের মাধ্যমে বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে সেটি বাতিল করে নতুন প্যাডে রুটিন (সূচি) প্রকাশ করা হয়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্লোগানসংবলিত প্যাড ব্যবহার না করার বিষয়ে প্রশাসনের নির্দেশনা রয়েছে। তবে মিতব্যয়িতার কথা বিবেচনায় নিয়ে কালি দিয়ে মুছে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। কেউ যদি স্লোগানসংবলিত প্যাড ব্যবহার করে থাকে, অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে ভুলবশত হয়ে থাকলে সেটিও বিবেচনায় নেওয়া হবে।