চট্টগ্রাম নগরের হালিশহরের একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাতে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোটর পার্টস ব্যবসায়ী শাখাওয়াত হোসেনের পর্তুগালপ্রবাসী ভাই সামির আহামেদের স্ত্রী আয়শা আক্তার (৩০) মারা যান। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা চারজনে দাঁড়াল।
গুরুতর দগ্ধ অবস্থায় আরও পাঁচজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি প্রথম আলোকে বলেন, আজ রাত সাড়ে ১০টার দিকে আয়শা আক্তার পাখি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর শরীর পুরোটাই অর্থাৎ শতভাগ দগ্ধ ছিল। তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্রে) ভর্তি ছিলেন।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে হালিশহরের হালিমা মঞ্জিল নামের ছয়তলা ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটে মোটর পার্টস ব্যবসায়ী শাখাওয়াত হোসেন (৪৯) পরিবার নিয়ে থাকতেন। বিস্ফোরণে বাসায় থাকা ৯ জনই দগ্ধ হন। এর মধ্যে শাখাওয়াতের স্ত্রী নুরজাহান সোমবার এবং ছেলে সাফায়াত, পর্তুগালপ্রবাসী ভাই সামির, তাঁর স্ত্রী আয়েশা আকতার আজ মারা যান। গুরুতর দগ্ধ অবস্থায় আরও পাঁচজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
এদিকে বিস্ফোরণের কারণ নিয়ে এখনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আলাদা দুটি তদন্ত কমিটি করেছে। ফায়ার সার্ভিস তাদের কমিটির সদস্যদের নাম জানায়নি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আহত শাখাওয়াত হোসেনের ব্যবসায়িক অংশীদার মনসুর আলী বলেন, ‘রান্নাঘরের পাশে করিডরটিতে এয়ারকুলার ছিল। কিছু পুড়ে গেছে, কিছু অক্ষত। কমপ্রেসর আমি দেখিনি। রান্নাঘরের জানালা খোলা, সেখানে গ্যাস জমার প্রশ্ন আসে না। গ্যাসের বিস্ফোরণে পুরো ভবনের সব দরজা ভেঙে যাওয়ার বিষয়টি বিস্ময়কর।’
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটেছে। অন্য কোনো আলামত পাওয়া যায়নি।
একই কথা বলেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেনও। তিনি বলেন, তদন্ত শেষ হলে এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে।