বগুড়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়া সদর উপজেলায় দূরপাল্লার কোচ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—বগুড়া সদর উপজেলার দক্ষিণ বাঘোপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে অটোরিকশাচালক বাপ্পি মিয়া (৩৫) ও আশোকোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে আরিফ রহমান (২৮)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, রংপুর থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বগুড়া থেকে ছেড়ে আসা মহাস্থানগড়গামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী আরিফ রহমান নিহত হন। আহত অবস্থায় অটোরিকশাচালক বাপ্পিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত একটার দিকে তিনিও মারা যান। দুর্ঘটনার পর দূরপাল্লার বাসের চালক ও সহকারী পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটিকে চাপা দেওয়ার পর দূরপাল্লার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে বৈদ্যুতিক তার জড়িয়ে বাসে আগুন ধরে যায়। পরে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কোনো যাত্রী হতাহত হননি।