শেরপুরে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ বগুড়া জেলা আ.লীগের সভাপতির বিরুদ্ধে

সংবাদ সম্মেলনের বক্তব্য দেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার। মঙ্গলবার বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে
ছবি: প্রথম আলো

বগুড়ার শেরপুর উপজেলা ও পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি গঠনে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন দলের একাংশের নেতা–কর্মীরা।

সদ্যঘোষিত এ পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে মঙ্গলবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তাঁরা।

পদবঞ্চিত নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌরসভার কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার।

তবে এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান। তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনে কারা কী বিষয়ে অভিযোগ করেছেন, তা জানা নেই। লিখিত বক্তব্য আগে হাতে পাই,  তাঁরা কী অভিযোগ করেছেন, সেটা পড়ে দেখি—এরপর এ বিষয়ে মন্তব্য করব। কোনো কিছু না জেনে মন্তব্য করব না।’

লিখিত বক্তব্যে বদরুল ইসলাম পোদ্দার বলেন, এক বছর আগে শেরপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌরসভার সম্মেলনে সারোয়ার রহমানকে সভাপতি ও গোলাম হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে সারোয়ার রহমান জেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে। এ ছাড়া গোলাম হোসেনের ভাই মতিউর রহমান বিএনপির নেতা এবং ভাতিজা আসাফ উদ দৌলা মামুন উপজেলা যুবদলের আহ্বায়ক। উপজেলা আওয়ামী লীগের কমিটিতে গোলাম ফারুককে সভাপতি ও সুলতান মাহমুদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এর মধ্যে গোলাম ফারুকের ভাই বিএনপির বর্তমান নেতা এবং তাঁর মা মহিলা জামায়াতের নেত্রী ছিলেন। সুলতান মাহমুদ জেলা আওয়ামী লীগ সভাপতির লোক হিসেবে পরিচিত।

বদরুল ইসলাম পোদ্দার আরও বলেন, সম্প্রতি শেরপুর পৌর ও উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেখানে শেরপুরের স্বাধীনতাবিরোধী মান্নান বিশ্বাসের ছেলে মোকারিম হোসেনকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, ছোনকা এলাকার মামুন নামের এক ব্যক্তিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। মামুনের বাবা একসময় স্থানীয় বিএনপির নেতা ছিলেন। এ ছাড়া কুসুম্বি ইউনিয়নের মুক্তিযুদ্ধবিরোধী ইসরাত আলীর ছেলে সাইফুল ইসলামকে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে। বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে মামলা রয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে। অথচ ওই ব্যক্তি সভাপতি হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতির সুপারিশে। এ ছাড়া খুনের মামলার আসামিকে করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ত্যাগী ও পরীক্ষিত নেতা–কর্মীদের বাদ দিয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে নিজের পছন্দের লোক দিয়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের কমিটি গঠন করেছেন। এই কমিটি বাতিল করে ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের নিয়ে নতুন কমিটি করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে পদবঞ্চিত নেতাদের মধ্যে তোজাম্মেল হক, মমতাজুর রহমান, চঞ্চল কুমার কুণ্ডু, তছির উদ্দিন, তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।