বগুড়ায় একটি পুরোনো বাড়ি সংস্কার করার সময় হাতবোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে একজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের অ্যাডওয়াড পার্ক–সংলগ্ন সুত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছে। সেখানে হাতবোমাসদৃশ আরও অন্তত দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। এ কারণে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বিস্ফোরণে আহত আবদুল বাছেদ পেশায় রাজমিস্ত্রি। তিনি ওই বাড়ির সংস্কারকাজ করছিলেন। তিনি বেসরকারি একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, সেলিনা আকতার নামের এক নারী সম্প্রতি আধপাকা বাড়িটি বিক্রি করেছেন। সংস্কারের জন্য আধপাকা বাড়িটির টিন খোলার সময় হাতবোমাসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে থাকা রাজমিস্ত্রি আবদুল বাছেদ আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে হাতবোমাসদৃশ আরও দুটি বস্তু দেখতে পায়।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ঘটনাস্থলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতারকে পাঠানো হয়েছে। কী ধরনের বিস্ফোরক, তা নিশ্চিত হওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।