রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত

হত্যা
প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ওরফে ছোটন (৪৫), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে মেহের আলী (৬৫) ও তাঁর বড় ভাই নাইমুল (৭০)। আহত ব্যক্তিরা হলেন ইউনুস (২২), মো. আমু (২২), মো. রায়হান (৩৫), মো. মনিরুল (৪৫), মো. সুলায়মান (৫০) ও রজব (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে কার সঙ্গে কার বিরোধে এই সংঘর্ষ, তা জানাতে পারেনি পুলিশ।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল ৯টার দিকে পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে কথা–কাটাকাটি থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ওসি কামরুল ইসলাম আরও বলেন, তাঁরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে।