কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে সুন্দরবনে দস্যুদের হাত থেকে উদ্ধার হওয়া জেলে মজিবর গাজী। আজ মঙ্গলবার কোস্টগার্ড পশ্চিম জোনের কার্যালয়ে
কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে সুন্দরবনে দস্যুদের হাত থেকে উদ্ধার হওয়া জেলে মজিবর গাজী। আজ মঙ্গলবার কোস্টগার্ড পশ্চিম জোনের কার্যালয়ে

সুন্দরবনে মুক্তিপণ না পেয়ে জেলেকে মারধর, উদ্ধার করল কোস্টগার্ড

সুন্দরবনে দস্যুদল জোনাব বাহিনীর কাছ থেকে এক জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ মঙ্গলবার ভোরের আগে সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন খড়কুড়িয়া খালে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জেলেকে ফেলে রেখে বনের ভেতরে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া জেলের নাম মজিবর গাজী (৫০)। তিনি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।

মজিবর গাজী বলেন, গত শনিবার তিনি মাছ ধরতে নৌকা ও জাল নিয়ে সুন্দরবনে যান। পরদিন রোববার সকালে জোনাব বাহিনীর সদস্যরা তাঁকে আটক করে মুক্তিপণ দাবি করে। টাকা না পাওয়ায় সোমবার সন্ধ্যার পর তাঁকে মারধর করে নৌকার পাটাতনের সঙ্গে বেঁধে রাখা হয়। তিনি বলেন, ‘শেষরাত্রির দিক কোস্টগার্ডের টহল বোট আসার খবর পাইয়ে ডাকাতির দল আমারে বান্দা অবস্থায় ফেলাই রাইখে পোলায়ে চলি যায়। পরে কোস্টগার্ডের লোকজন লাইট মাইরে আমারে দেখতি পায়ি উদ্ধার করিছে।’

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়রা থানার অন্তর্গত সুন্দরবনের খড়কুড়িয়া খাল এলাকায় জোনাব বাহিনীর অবস্থান আছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত দুইটার দিকে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় দস্যুদের জিম্মিতে থাকা ওই জেলেকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বলেন, উদ্ধার হওয়া জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। সুন্দরবনে দস্যু দমনে নিয়মিত অভিযান, বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।