পারিবারিক অভাব–অনটনের কারণে অল্প বয়সে শিশুরা অমানবিক পরিশ্রম করছে।

গাইবান্ধা শহরের কলেজ রোডের একটি ঝালাই কারখানা। গতকাল রোববার দুপুর। সেখানে কাজ করছিল ১৪ বছরের এক কিশোর। তার বাড়ি সদর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামে। নাম প্রকাশ না করার শর্তে ওই কিশোর জানায়, ‘আমরা গরিব। বাবা-মা স্কুলে পাঠাননি। এই কাজ করতে পাঠিয়েছেন। ঝালাই ও লোহা পেটানোর কাজ করছি। দৈনিক ৩০০ টাকা পাই। রাতে বাড়ি ফিরে মাকে দিই।’
শহরের রেলগেট এলাকায় মোটরসাইকেলের গ্যারেজে কাজ করে আরেক কিশোর পাপ্পু মিয়া (১৫)। সে কখনো বিদ্যালয়ে যায়নি। সে বলে, ‘চার বছর ধরে গ্যারেজে কাজ করছি। কাজ শিখছি। দৈনিক নাশতা বাবদ ১৫০ টাকা পাচ্ছি। নাশতা বাবদ পেলেও এই টাকা দিয়ে নাশতা করি না। বাড়িতে গিয়ে মায়ের হাতে দিই। মা এই টাকা সংসারের কাজে লাগান। বাজার করেন।’
গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শিশু-কিশোরদের ঝুঁকিপূর্ণ কাজের চিত্র। ঝালাই ও লোহার কারখানা থেকে শুরু করে কৃষিজমিতে তাঁরা কাজ করছে। এই পরিস্থিতিতে আজ সোমবার পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রম দিবস। এটি মহান মে দিবস হিসেবেও পরিচিত।
গাইবান্ধায় দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র। সংস্থার নির্বাহী পরিচালক এম আবদুস সালাম বলেন, দুই বছর আগের এক জরিপে দেখা যায় জেলায় শিশুশ্রমিকের সংখ্যা প্রায় ১২ হাজার। দরিদ্র পরিবারগুলোর শিশুরা বিদ্যালয়ে যায় না। তারা সংসারে অর্থের জোগান দিতে শ্রম বিক্রি করে। অভিভাবকেরা তাদের শ্রম বিক্রি করতে বাধ্য করেন। এসব শিশুকে বিদ্যালয়মুখী করতে গণ উন্নয়ন কেন্দ্র কাজ করে যাচ্ছে। শিশুশ্রম বন্ধে সচেতনতা তৈরি করা হচ্ছে।
জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সম্পাদক নূর মোহাম্মদ বলেন, শিশুশ্রম বন্ধে সরকারের তেমন কোনো উদ্যোগ নেই। শিশুশ্রম বন্ধে আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে না। এ ছাড়া পারিবারিক অভাব–অনটনের কারণে অল্প বয়সে শিশুরা অমানবিক পরিশ্রম করছে। ফলে গাইবান্ধায় দিন দিন শিশুশ্রমিকের সংখ্যা বেড়েই চলেছে।
জেলা প্রশাসক অলিউর রহমান বলেন, ২০১৫ সালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় শিশুশ্রমিকের জরিপ করা হয়েছিল। তখন শিশুশ্রমিক ছিল ১০ হাজার। চলতি বছরে নতুন করে জরিপ করতে শিশু একাডেমি এবং ইউনিসেফ প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। জরিপের ফল এখনো জানা যায়নি। শিশুশ্রম প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হবে। ঝরে পড়া শিশুদের তালিকা করে বিদ্যালয়ে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন সভা-সমাবেশে শিশুশ্রম বন্ধে সচেতনতা তৈরি করা হচ্ছে।