ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল অংশের ১৩ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলায় সড়ক অনেকটাই সংকুচিত হয়ে গেছে। নগরের সিঅ্যান্ডবি রোড এলাকা
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল অংশের ১৩ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলায় সড়ক অনেকটাই সংকুচিত হয়ে গেছে। নগরের সিঅ্যান্ডবি রোড এলাকা

ঢাকা-বরিশাল মহাসড়কের কাজের ‘ধীরগতি’ ভোগান্তি বাড়াচ্ছে ঈদযাত্রায়

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল অংশের ১৩ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলায় সড়ক অনেকটাই সংকুচিত হয়ে গেছে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচলে যেমন ঝুঁকি বেড়েছে, তেমনি গন্তব্যে পৌঁছাতে সময়ও লাগছে বেশি। ঈদের আগে ও পরে এই মহাসড়কে বরিশাল ও ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়লে ভোগান্তিও বাড়বে বলে শঙ্কার কথা জানিয়েছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

পদ্মা সেতুর কল্যাণে ঢাকা-বরিশাল-পটুয়াখালীসহ দক্ষিণের ছয় জেলায় মহাসড়কে গাড়ি চলাচল আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। তবে সে অনুযায়ী সড়ক প্রশস্ত হয়নি। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আছে ৫৫ কিলোমিটার প্রশস্ত জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে। এরপর ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত প্রায় ২০৫ কিলোমিটার মহাসড়কের প্রশস্ততা এখনো ২৪ ফুট রয়ে গেছে। অপ্রশস্ত এই মহাসড়কে যানবাহনের চলাচল কয়েক গুণ বাড়ায়, বেপরোয়া গতি ও বাঁকের কারণে দুর্ঘটনাও বেশি ঘটছে। প্রায়ই এসব দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কটি প্রশস্ত করতে ২০১৮ সালের অক্টোবরে ‘ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রকল্প’ নামে একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাস হয়। কিন্তু সে প্রকল্পে এখনো জমি অধিগ্রহণ করা যায়নি। প্রকল্প প্রস্তাবে ২০২০ সালের জুনের মধ্যে এক্সপ্রেসওয়ের জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ করতে বলা হয়েছিল। এ পর্যন্ত কাজই শুরু করতে পারেনি সড়ক ও সেতু বিভাগ। এরই মধ্যে তিনবার ফেরত গেছে প্রকল্পের বরাদ্দ অর্থ। চলতি অর্থবছরে পুনরায় জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হলেও তাতে ধীরগতি চলছে। এমন পরিস্থিতিতে আপাতত বরিশাল নগরের যানজট এড়াতে নগরের গড়িয়ারপার থেকে দপদপিয়া শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু করেছে বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

সওজ সূত্র জানায়, ৫২ কোটি টাকা ব্যয়ে গত ৮ মার্চ এই কাজ শুরু হয়। কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এম খান ট্রেডিং। কিন্তু প্রায় দেড় মাস আগে কাজ শুরু হলেও কাজে ধীরগতির কারণে ভোগান্তি বেড়েছে পরিবহনের চালকদের।

নগরের চৌমাথা এলাকার বাসিন্দা আমীর হোসাইন প্রথম আলোকে বলেন, এমনিতেই তীব্র গরমে বাইরে বের হওয়া দুষ্কর। তার ওপরে চার লেনের কাজের ধীরগতির কারণে তীব্র যানজটে সড়কে চলাচল করা আরও কষ্টদায়ক হয়ে পড়েছে। তা ছাড়া এ কাজে ব্যবহৃত বালু বাতাসে উড়ে এসে গায়ে পড়ে। ফলে ভোগান্তি লেগেই আছে।
ঢাকা থেকে আসা বাসযাত্রী রাহাত হোসেন বলেন, ঢাকা থেকে বরিশালে আসতে সর্বোচ্চ তিন ঘণ্টা সময় লাগার কথা থাকলেও যানজট, অপ্রশস্ত মহাসড়ক এবং বরিশাল অংশে ১৩ কিলোমিটার সড়কে কাজ চলার কারণে এখন সাড়ে চার ঘণ্টার বেশি সময় লাগছে।

ঢাকা-বরিশাল পথে চলাচলকারী ইলিশ পরিবহনের চালক মোখলেসুর রহমান জানান, বরিশাল অংশের গড়িয়ারপার থেকে মহাসড়কের পাশে গর্ত করে বালু ফেলে রাখা হয়েছে। এতে এমনিতেই এক পাশ দিয়ে যানবাহন ধীরগতিতে চলাচলের কারণে সড়কজুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। আর কয়েক দিন পরে ঈদযাত্রায় পরিবহনের চাপ বাড়লে এসব গর্তের কারণে দুর্ঘটনা ঘটতে পারে।

জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর বরিশালের রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। তাই দ্রুত চার লেনের কাজ শেষ করার দাবি ছিল আমাদের। কিন্তু আপাতত ১৩ কিলোমিটার মহাসড়ক চার লেন করার উদ্যোগ নেওয়া হলেও কাজে ধীরগতি ভোগান্তি বাড়াচ্ছে।’

তবে কাজে ধীরগতির অভিযোগ সত্য নয় বলে দাবি করেন মহাসড়কটির উন্নয়ন ও সংস্কারকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এম খান গ্রুপের ঠিকাদার মাহফুজ খান। তিনি বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়, সে জন্য দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন তিনি।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, দরপত্রে চার লেনের কাজ শেষ হতে ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্মাণকাজ উদ্বোধনের পর দ্রুতগতিতে কাজ চলছে। ঈদের আগে ঝুঁকিপূর্ণ এলাকার কাজ শেষ করা হবে।

পুলিশের বিশেষ ব্যবস্থা

ঈদে যাত্রীরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন, এ জন্য বরিশালে পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে ভুরঘাটা থেকে বাকেরগঞ্জ পর্যন্ত ৮০ কিলোমিটার মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনাকে নতুন করে সাজানো হবে। এ জন্য গৌরনদী, মাহিলারা, ইচলাদি ও বাকেরগঞ্জ বন্দর ট্রাফিক পরিদর্শকদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় সব স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।