বান্দরবানে ঈদের ছুটিতেও তেমন পর্যটক নেই

বান্দরবান জেলা শহরের নীলাচল পর্যটনকেন্দ্রে ঘোরাফেরায় ব্যস্ত পর্যটকেরা। আজ রোববার সকাল ১০টার দিকে তোলা
ছবি: প্রথম আলো

বান্দরবানে ঈদের টানা পাঁচ দিনের ছুটিতেও পর্যটকেরা তেমন আসেননি। আজ রোববার ছুটির শেষ দিনে পর্যটনকেন্দ্রগুলোতে ভাসমান (সকালে এসে বিকলে ফেরত) ভ্রমণকারীর সংখ্যা বাড়লেও হোটেল-মোটেলগুলোতে ২০ শতাংশের কম পর্যটক এসেছেন বলে পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন।

পর্যটকদের নিরাপত্তার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা, প্রচণ্ড দাবদাহ ও সামনে এসএসসি পরীক্ষা হওয়ায় পর্যটকেরা তেমন আসেননি বলে ধারণা পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের।

আজ জেলা শহরের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্রে পর্যটকের আগমন কিছুটা বেড়েছে। তবে তাঁরা বেশির ভাগ বান্দরবান জেলা শহরের আশপাশের সাতকানিয়া, পটিয়া, লোহাগাড়া ও রাউজান এলাকার। তাঁরা সকালে এসে জেলা শহরের আকর্ষণীয় স্থানগুলোতে সারা দিন ঘুরে বিকেলে আবার ফিরে যাওয়া ভ্রমণকারী। নীলাচল এলাকার অবকাশযাপনকেন্দ্রের মালিক ও হোটেল-মোটেল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

নীলাচল পর্যটনের প্রবেশদ্বারে কর্মরত সুমী ত্রিপুরা বলেছেন, গত বছরে ঈদের ছুটির এই সময়ে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার টিকিট বিক্রি হতো। এবারে গতকাল শনিবার থেকে টিকিট বিক্রি কিছুটা বেড়েছে। শনিবার এক হাজার ও আজ রোববার বেলা সাড়ে তিনটা পর্যন্ত ১ হাজার ১০০ টিকিট বিক্রি হয়েছে। এর আগে বৃহস্পতিবার সারা দিনে ১৫০টি ও বুধবার ৫০টির মতো টিকিট বিক্রি হয়েছিল। বাইরের ব্যাকপ্যাক পর্যটক একেবারে নেই বললে চলে।

বাসস্টেশনসংলগ্ন দৃষ্টিনন্দন হিলভিউ হোটেলের ব্যবস্থাপক অভিজিৎ দাশ বলেছেন, বান্দরবানে এবারের মতো পর্যটনের আকাল কোনো বছরে হয়নি। অন্যান্য বছরে ঈদের ছুটির আগেই সব কক্ষ আগাম ভাড়া হয়ে চাহিদা মেটানো যেত না। এবারে ছুটির শেষ দিনেও হোটেলের ২০ শতাংশ কক্ষও পূরণ হয়নি। হোটেল-মোটেল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনও বলেছেন জেলা শহরের বেশির ভাগ হোটেল-মোটেল খালি পড়ে রয়েছে।

কেন পর্যটনের এই আকাল
জেলা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ বলেছেন, জেলা শহরে একসঙ্গে প্রায় ছয় হাজার পর্যটকের রাত যাপনের সুযোগ রয়েছে। তাঁর মতে, পর্যটকদের প্রধান আকর্ষণীয় তিনটি উপজেলা রুমা, থানচি ও রোয়াংছড়িতে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া প্রচণ্ড দাবদাহ ও সামনে এসএসসি পরীক্ষা হওয়ায় পর্যটকের আগমন কমেছে।

পর্যটন মোটেলের সহকারী ব্যবস্থাপক সূর্যসেন ত্রিপুরা বলেছেন, পর্যটকেরা প্রচণ্ড দাবদাহে পাহাড়ের চেয়ে সমুদ্র ভ্রমণ ভালো মনে করেছেন। এ ছাড়া তিন উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় অ্যাডভেঞ্চারপ্রিয় তরুণ পর্যটকেরা আসতে পারেননি।
জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আবদুল্লাহ আল মামুন বলেছেন, পর্যটকের আগমন আশানুরূপ নয়। গ্রীষ্মের দাবদাহ ও আসন্ন এসএসসি পরীক্ষার জন্য সম্ভবত পর্যটকেরা ভ্রমণে আগ্রহী হননি।